সাম্প্রতিক
Skip to content

জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে তরুণ নিহত, বাসে আগুন

ছবি: সংগৃহীত

জয়পুরহাটে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশিফ হোসেন (১৭) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে জয়পুরহাট-হিলি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার সকালে জয়পুরহাট-হিলি সড়কের কাশিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিফ হোসেন জয়পুরহাট সদর উপজেলার হাতিগারা গ্রামের এমরান হোসেনের ছেলে।

এ ঘটনায় আহত দুজন হলেন একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে নাঈম হোসেন (২২) এবং মফিজুল হোসেনের ছেলে জিহাদ হোসেন (২২)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জয়পুরহাট ফায়ার সার্ভিস স্টেশনের উপপ্রধান শরিফ ইসলাম জানান, জয়পুরহাট থেকে ছেড়ে যাওয়া জে আর পরিবহনের একটি বাস পাঁচবিবির দিকে যাচ্ছিল। পথে কাশিয়াবাড়ী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আশিফ নিহত হন এবং অপর দুজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত নাঈম ও জিহাদকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ বাসযাত্রী ও স্থানীয়রা সড়কে নেমে বাসটিতে ভাঙচুর চালান এবং একপর্যায়ে আগুন ধরিয়ে দেন। এতে জয়পুরহাট-হিলি সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

জয়পুরহাট সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এনএনবাংলা/