৯৫ বছর বয়সে গাছতলায় ঠাঁই হওয়া শামসুল হকের পাশে প্রধানমন্ত্রী, পাঠালেন উপহার

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সন্তানদের অবহেলায় ৯৫ বছর বয়সে গাছতলায় আশ্রয় নেওয়া বৃদ্ধ শামসুল হক মোল্লার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর নির্দেশে অসহায় এই বৃদ্ধের খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিএনপির আওতাধীন সেল ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ নভেম্বর গণমাধ্যমে ‘ছয় সন্তানকে বড় করেছেন, ৯৫ বছর বয়সে বাবার ঠাঁই হলো গাছতলায়’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিকভাবে তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর সেই নির্দেশনার আলোকেই আজ বৃহস্পতিবার ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উত্তর হিরন গ্রামে শামসুল হকের বাড়িতে যান। প্রতিনিধিদলের সদস্যরা বৃদ্ধ শামসুল হকের শারীরিক ও পারিবারিক অবস্থার খোঁজ নেন এবং তাঁর হাতে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী তুলে দেন।
সাক্ষাৎ শেষে মোকছেদুল মোমিন মিথুন জানান, শামসুল হকের নিরাপদ আবাসন, নিয়মিত পরিচর্যা ও প্রয়োজনীয় মানবিক সহায়তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী বিশেষ জোর দিয়েছেন। তবে বর্তমানে তাঁর ছেলেরা ভুল বুঝতে পেরে বাবাকে আবার ঘরে ফিরিয়ে নিয়েছেন এবং আমৃত্যু তাঁর সব দায়িত্ব পালনের অঙ্গীকার করেছেন। মাঠপর্যায়ের এই বাস্তব চিত্র প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে বলেও জানান তিনি।
জীবনের দীর্ঘ সময় কঠোর পরিশ্রম করে দুই ছেলে ও চার মেয়েকে বড় করেছিলেন শামসুল হক মোল্লা। সম্প্রতি নিজের শেষ সম্বল জমিজমা সন্তানদের মধ্যে বণ্টন করে দেওয়ার পরপরই তিনি আশ্রয়হীন হয়ে পড়েন। একপর্যায়ে সন্তানরা তাঁকে বাড়ি থেকে বের করে দিলে তিনি নিরুপায় হয়ে বাড়ির পাশের একটি গাছতলায় দিনাতিপাত করছিলেন। গণমাধ্যমে তাঁর এই করুণ অবস্থার খবর প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়।
বৃদ্ধ শামসুল হকের খোঁজ নিতে যাওয়া এই প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমদ, শাহাদাত হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, ছাত্রনেতা মশিউর রহমান মহান এবং আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এনএনবাংলা/ইএস
