টেকনাফের পাহাড়ে পড়ে আছে তিনজনের মরদেহ, উদ্ধারে অভিযান

কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড়ে তিনজনের মরদেহ পড়ে থাকার সন্ধান পেয়েছে পুলিশ। মরদেহগুলো উদ্ধারে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এক সেনাসদস্য নিহত হওয়ার ঘটনার পর ওই এলাকায় যৌথ বাহিনীর অভিযান চলার মধ্যেই নতুন করে তিনটি মরদেহের সন্ধান মিলল।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নে নয়াপাড়া ও লেদা ক্যাম্পের পূর্ব দিকে দুর্গম পাহাড়ে মরদেহগুলোর সন্ধান পাওয়া যায়।
কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই পাহাড়ে তিনজনের মরদেহ পড়ে থাকার খবর পাওয়া গেছে। সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে বৃহস্পতিবার বিকেলে একই পাহাড়ে সশস্ত্র মানবপাচারকারীদের আস্তানায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে মানবপাচারকারীদের গুলিতে সেনাসদস্য সৈনিক মো. তিতাস শেখ (২৭) নিহত হন।
ওই অভিযানে মানবপাচারকারীদের আস্তানা থেকে ৫৬ জনকে উদ্ধার করা হয়। পাশাপাশি মানবপাচারকারী চক্রের ছয় সদস্যকে আটক করে যৌথ বাহিনী। উদ্ধার হওয়া ব্যক্তিদের শুক্রবার সকালে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
এদিকে পাহাড়ে তিনজনের মরদেহ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এলাকায় সশস্ত্র অপরাধীদের আস্তানা নির্মূলে পাহাড়জুড়ে সাঁড়াশি অভিযান চালানোর দাবি জানিয়েছেন তারা।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী বলেন, পাহাড়ে অবস্থানরত সশস্ত্র মানবপাচারকারীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। অপরাধ করে কারও পার পাওয়ার সুযোগ নেই।
তিনি আরও বলেন, সশস্ত্র মানবপাচারকারীদের গুলিতে দায়িত্ব পালনরত একজন সেনাসদস্য নিহত হওয়ার ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। এ ধরনের অপরাধ নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
এনএনবাংলা/
