সাম্প্রতিক
Skip to content

যত বিতর্ক, যত কাণ্ড পরীমনির

ছবি: পরীমনির ফেসবুক থেকে নেওয়া

দেড় বছরের বেশি সময় ধরে বড় পর্দায় কোনো সিনেমায় নেই চিত্রনায়িকা পরীমনি। মুক্তি পায়নি তার অভিনীত কোনো চলচ্চিত্র। তবে সিনেমায় অনুপস্থিত থাকলেও সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় নিয়মিতই উঠে আসছে তার নাম। কখনো প্রেম-বিয়ে, কখনো আইনি জটিলতা, আবার কখনো ব্যক্তিগত আচরণ নিয়ে বিতর্ক—সব মিলিয়ে পরীমনিকে ঘিরে আলোচনা যেন থামছেই না। সর্বশেষ ঢাকার আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা ও গালাগালির অভিযোগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

একসময় টেলিভিশন নাটকে ছোট ছোট চরিত্রে অভিনয় করা, পরবর্তীতে রুপালি পর্দায় অভিনয় দিয়ে পরিচিতি পাওয়া এই নায়িকা এখন প্রায়ই খবরের শিরোনাম হন ব্যক্তিগত জীবনের নানা ঘটনায়। পিরোজপুরের সাধারণ এক মেয়ে থেকে ঢালিউডের আলোচিত তারকা হয়ে ওঠার পথটি যেমন ঘটনাবহুল, তেমনি বিতর্কেও ভরা। কীভাবে শুরু হয়েছিল তার পথচলা, আর কোন কোন ঘটনা তাকে বারবার আলোচনার কেন্দ্রে এনেছে?

পিরোজপুর থেকে ঢালিউডে পরীমনির উত্থান
পরীমনির প্রকৃত নাম শামসুন্নাহার স্মৃতি। ছোটবেলায় মা-বাবাকে হারিয়ে পিরোজপুরে নানাবাড়িতে বড় হয়েছেন তিনি। মডেলিংয়ের মাধ্যমে বিনোদনজগতে যাত্রা শুরু করে পরে পা রাখেন ঢালিউডে। কোনো সিনেমা মুক্তির আগেই দুই ডজনের বেশি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে তখন আলোচনায় এসেছিলেন তিনি।

২০১৫ সালে শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পরীমনির। এরপর প্রায় ৩০টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘স্বপ্নজাল’, ‘বিশ্বসুন্দরী’, ‘রক্ত’ ও ‘গুণিন’-এর মতো সিনেমায় তার অভিনয় প্রশংসা পেয়েছে। তবে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও নানা বিতর্কও তাকে বারবার সংবাদমাধ্যমের শিরোনামে নিয়ে এসেছে।

বোট ক্লাব কাণ্ড: অভিযোগ-পাল্টা অভিযোগে আইনি লড়াই
২০২১ সালের জুনে ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন পরীমনি। অভিযোগ করেন, ঢাকার উত্তরার ঢাকা বোট ক্লাবে তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয়েছে। তার অভিযোগের ভিত্তিতে বোট ক্লাবের কর্মকর্তা ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে গ্রেপ্তার করা হয়।

তবে জামিনে মুক্তি পাওয়ার পর নাসির উদ্দিন মাহমুদ পাল্টা অভিযোগ করেন, পরীমনি বোট ক্লাবে ভাঙচুর ও মারধর করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়। তদন্ত শেষে পরীমনির বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়ার কথা জানিয়ে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

মামলাটির বিচার এখনো চলমান। আদালতে হাজিরা না দেওয়ায় এ ঘটনায় দুই দফা তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবরও সংবাদমাধ্যমে আসে। সর্বশেষ গত ৫ নভেম্বর জামিন চাইতে ঢাকার আদালতে যান এই চিত্রনায়িকা।

মাদক মামলা ও কাশিমপুর কারাগারে প্রায় এক মাস
বোট ক্লাবের ঘটনার কয়েক মাসের মধ্যেই নতুন বিতর্কে জড়ান পরীমনি। ২০২১ সালের ৪ আগস্ট বনানীতে তার বাসায় অভিযান চালায় র‍্যাব (বর্তমানে এসআরবি)। অভিযান শেষে বাসা থেকে বিদেশি মদ ও এলএসডিসহ বিভিন্ন মাদক উদ্ধারের কথা জানিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় করা মামলায় প্রায় এক মাস কাশিমপুর কারাগারে থাকতে হয় পরীমনিকে। পরে জামিনে মুক্তি পান তিনি। তবে কারাগার থেকে বের হওয়ার সময় তার হাতের তালুতে মেহেদি দিয়ে লেখা ‘ডোন্ট লাভ মি বিচ’ বার্তাটি নতুন করে আলোচনার জন্ম দেয়।

হাতের তালুতে লেখা বার্তা নিয়ে সমালোচনা
কারাগার থেকে বের হওয়ার পরই শেষ হয়নি পরীমনিকে ঘিরে বিতর্ক। পরবর্তী সময়ে আদালতে হাজিরা দিতে গিয়েও হাতের তালুতে ইংরেজিতে একটি বার্তা লিখে হাজির হন তিনি। বার্তাটিকে অনেকেই অশালীন ও আপত্তিকর হিসেবে দেখেন। আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে এমন বার্তা প্রদর্শন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক সমালোচনা।

ডিবি কর্মকর্তা সাকলায়েনের সঙ্গে সম্পর্কের আলোচনা
মাদক মামলায় কারাগার থেকে মুক্তির পর পরীমনিকে ঘিরে আরেকটি ঘটনা সামনে আসে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তৎকালীন অতিরিক্ত উপকমিশনার (এডিসি) গোলাম সাকলায়েনের সঙ্গে তার ঘনিষ্ঠতার বিষয়টি আলোচনায় আসে।

পরীমনির বিরুদ্ধে মাদক মামলার তদন্তের দায়িত্বে থাকা এই পুলিশ কর্মকর্তার সরকারি বাসায় তার দীর্ঘ সময় অবস্থান এবং দুজনের জন্মদিন উদ্‌যাপনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশ প্রশাসনে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। পরে এ ঘটনায় সাকলায়েনকে চাকরি হারাতে হয়।

প্রেম, বিয়ে, বিচ্ছেদ: ব্যক্তিগত জীবনেও বিতর্ক
পরীমনির ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনার শেষ নেই। বিভিন্ন সময়ে তার আগের বিয়ের ছবি ও কাবিননামা প্রকাশ্যে আসে। ২০২০ সালে মাত্র তিন টাকা দেনমোহরে বিয়ে এবং কয়েক দিনের মধ্যে বিচ্ছেদের ঘটনাও আলোচনায় ছিল।

এরপর অভিনেতা শরিফুল রাজের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান পরীমনি। পরে বিয়ে ও সন্তান হলেও শেষ পর্যন্ত ভেঙে যায় তাদের সংসার। দুজনের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে রাজের ফেসবুক আইডি থেকে কয়েকজন অভিনেত্রীর ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনাও সামনে আসে। এ নিয়ে পরীমনি ও রাজের পাল্টাপাল্টি বক্তব্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নানা পোস্ট তাদের ব্যক্তিগত সম্পর্ককে প্রকাশ্য বিতর্কে পরিণত করে।

আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা
পরীমনিকে ঘিরে সর্বশেষ বিতর্কের সূত্রপাত গত ৫ নভেম্বর। ঢাকার আদালতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান তিনি।

ওই সংবাদকর্মী তার গায়ে হাত দিয়েছেন বলে অভিযোগ তুলে সাংবাদিকের দিকে তেড়ে যান পরীমনি। এ সময় তাকে গালাগালিও করতে দেখা যায়। পরীমনির ব্যক্তিগত দেহরক্ষীদের বিরুদ্ধেও সাংবাদিকদের মারধরের অভিযোগ রয়েছে।

ঘটনার পরপরই ফেসবুকে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে মাত্র দুটি শব্দ লেখেন পরীমনি—‘হাহা, ফুস!’। এর পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার একাধিক পোস্ট নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে।

বিতর্কের বাইরেও আলোচনায় পরীমনি
কোনো সিনেমা মুক্তি না পেলেও পরীমনিকে ঘিরে সংবাদ ও আলোচনা থেমে নেই। অভিনয়, ব্যক্তিগত সম্পর্ক, আইনি জটিলতা কিংবা প্রকাশ্য আচরণ—বিভিন্ন কারণে বারবার আলোচনায় এসেছেন তিনি। একসময় টেলিভিশন নাটকে ছোট ছোট চরিত্রে অভিনয় করা পিরোজপুরের শামসুন্নাহার স্মৃতি কীভাবে পরীমনি হয়ে ঢালিউডে পরিচিতি পেয়েছেন, সেই গল্পের সঙ্গে জড়িয়ে আছে নানা উত্থান-পতন।

সমর্থন কিংবা সমালোচনা—যে দৃষ্টিভঙ্গি থেকেই দেখা হোক, দেশের বিনোদন অঙ্গনে পরীমনিকে উপেক্ষা করার সুযোগ নেই। পর্দায় তার উপস্থিতি কমলেও ব্যক্তিগত জীবনের নানা ঘটনা তাকে আলোচনার কেন্দ্রেই রেখেছে।

এনএনবাংলা/