সাম্প্রতিক
Skip to content

এ মাসেই শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

ছবিঃ সংগৃহীত

তরুণ প্রজন্মের মাঝে তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন এবার সমাপ্তির পথে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তার মাধ্যমে এই ঘোষণা দিয়েছেন নাটকের জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। ১৭তম চ্যাপ্টারের মাধ্যমেই পর্দা নামছে চলতি সিজনের।

বেশ কিছুদিন ধরে দাঁত ও গলার নানা জটিলতায় ভুগছিলেন এই নির্মাতা। অসুস্থতার কারণে কিছুদিন কথা বলাও বন্ধ ছিল তার। তবে বর্তমানে শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে এবং তিনি আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন। সুস্থ হয়েই দর্শকদের জন্য এই বড় খবরটি নিয়ে হাজির হলেন অমি।

ভিডিও বার্তায় সমাপনী চ্যাপ্টার নিয়ে নির্মাতা জানান, “ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভের শেষ চ্যাপ্টার এ মাসেই রিলিজ হতে যাচ্ছে। এই লাস্ট চ্যাপ্টারে এমন অনেক জিনিস থাকছে, যেটা আপনারা অনেক বছর ধরে চাইছেন। সো, সবাই প্রস্তুতি নিন লাস্ট চ্যাপ্টারের জন্য।” তবে চলতি নভেম্বরের ঠিক কত তারিখে এই শেষ চ্যাপ্টারটি অবমুক্ত করা হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তারিখ এখনও প্রকাশ করেননি তিনি।

অমির এই আকস্মিক ঘোষণায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। ভিডিওটি প্রকাশের মাত্র আধা ঘণ্টার মধ্যেই প্রায় লাখখানেক ভিউ এবং হাজার হাজার প্রতিক্রিয়া জমা পড়েছে। দর্শকদের বড় একটি অংশ কমেন্ট বক্সে তাদের প্রিয় চরিত্র ‘রোকেয়া’ কিংবা ‘শিমুল’কে দেখার আকুতি জানাচ্ছেন। পাশাপাশি পঞ্চম সিজন শেষ হওয়ার পর পরবর্তী অর্থাৎ ষষ্ঠ সিজন আসবে কি না, তা নিয়েও জল্পনা-কল্পনা শুরু হয়েছে ভক্তদের মনে। তবে পরবর্তী সিজন নিয়ে নির্মাতা এখনই কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর বিভিন্ন জনপ্রিয় চরিত্রে অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, চাষী আলম, শামীম হাসান সরকার, মুসাফির সৈয়দ বাচ্চু ও অর্চিতা স্পর্শীসহ আরও অনেকে। শেষ চ্যাপ্টারে প্রিয় চরিত্রগুলোর পরিণতি কী হয়, তা দেখার জন্যই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা।

এনএনবাংলা/ইএস