৯ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

ব্রেন টিউমারের সঙ্গে দীর্ঘ লড়াই, অস্ত্রোপচার ও চিকিৎসার কারণে টানা নয় মাস অভিনয় থেকে দূরে ছিলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দীর্ঘ বিরতি কাটিয়ে অবশেষে আবারও শুটিংয়ে ফিরেছেন তিনি। নতুন নাটক ‘অংশীদার’-এ অভিনয়ের মধ্য দিয়ে কাজে ফিরলেন এই অভিনেত্রী।
‘হ্যাপি কাউ’ নিবেদিত নাটকটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন ইকসান রনি। সম্প্রতি নিজের ফেসবুক টাইমলাইনে নাটকটির শুটিংয়ের কয়েকটি দৃশ্য প্রকাশ করে তানিয়া বৃষ্টিকে স্বাগত জানিয়েছেন নির্মাতা। তিনি লিখেছেন, ‘ওয়েলকাম ব্যাক তানিয়া বৃষ্টি’।
নাটকটিতে তানিয়া বৃষ্টির সঙ্গে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ডলি জহুর, নন্দী জুয়েল, আর সি অরণ্য, আশরাফুল আশীষ ও পংকজ মজুমদারসহ আরও অনেকে। নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই কেএসআই এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। পরীক্ষা-নিরীক্ষায় তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। ঢাকায় অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণের পর উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে যান তিনি। সেখানে আরও একটি অস্ত্রোপচার করতে হয় তাকে। দীর্ঘ চিকিৎসা, বিশ্রাম ও কেমোথেরাপির মতো কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে অভিনেত্রীকে।
গত ৩ অক্টোবর ফেসবুক লাইভে এসে নিজের শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়েছিলেন তানিয়া বৃষ্টি। এবার নয় মাসের বিরতি শেষে শুটিংয়ে ফেরার মধ্য দিয়ে অভিনয়জগতে নতুন করে পথচলা শুরু করলেন তিনি।
এনএনবাংলা/
