সাম্প্রতিক
Skip to content

৬০ বছর বয়সেও ‘কিং’ ছবিতে শাহরুখের চমক

ছবিঃ সংগৃহীত

বলিউড মেগাস্টার শাহরুখ খান তাঁর ৬০ বছর বয়সেও চিরসবুজ রোমান্টিক নায়কের ইমেজ ধরে রেখে দর্শকদের চমকে দিলেন। সম্প্রতি তাঁর মুক্তিপ্রতীক্ষিত বহুল আলোচিত সিনেমা ‘কিং’-এর একটি নতুন পোস্টার প্রকাশ পেয়েছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। পোস্টারে একদিকে যেমন রয়েছে অ্যাকশনের রুক্ষতা, অন্যদিকে মিশে আছে কিং খানের চিরাচরিত রোমান্টিক আবেদন।

নতুন এই পোস্টারে শাহরুখ খানকে দেখা গেছে চারপাশে জ্বলন্ত আগুনের মাঝখান দিয়ে হেঁটে আসতে। তাঁর এক হাতে রয়েছে বন্দুক এবং ঠোঁটে গোঁজা একটি লাল গোলাপ। পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে শাহরুখ লিখেছেন, “খুনি নই, আমি প্রেমিক”। অভিনেতার এই সংলাপটি মুহূর্তেই ভক্তদের মনে করিয়ে দিয়েছে ১৯৯৯ সালে মুক্তি পাওয়া তাঁর ব্লকবাস্টার সিনেমা ‘বাদশাহ’র মূল সুরের কথা।

সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। ‘কিং’ ছবির অন্যতম বড় আকর্ষণ হলো—এই ছবির মাধ্যমেই বড় পর্দায় প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন শাহরুখ খান এবং তাঁর মেয়ে সুহানা খান। এছাড়াও ছবিটিতে একঝাঁক তারকা অভিনয় করেছেন, যাদের মধ্যে রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানী মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও সৌরভ শুক্লা।

উল্লেখ্য, ২০২৫ সালের ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিনে ছবিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল। সে সময় প্রথম ঝলকে রুপালি চুল ও মুখভর্তি দাড়ির এক বিধ্বংসী লুকে দেখা গিয়েছিল তাঁকে, যেখানে তাঁর সংলাপ ছিল, “আমি ভয় নই, আমি আতঙ্ক”।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে এক ‘আস্কএসআরকে’ (AskSRK) সেশনে ছবির ট্রেলার নিয়ে প্রশ্ন করা হলে শাহরুখ জানান, দর্শকদের অপেক্ষায় রাখা তাঁদের উদ্দেশ্য নয়; বরং একটি মানসম্মত ও নিখুঁত ছবি উপহার দেওয়ার জন্য পুরো টিম একটু বেশি সময় নিচ্ছে। তবে ২৪ ডিসেম্বরের মুক্তির আগেই ছবির সমস্ত জোরদার প্রচার-প্রচারণা শুরু হয়ে যাবে বলে তিনি আশ্বস্ত করেছেন। ‘পাঠান’ ছবির বিশাল সফলতার পর পরিচালক সিদ্ধার্থ আনন্দ ও শাহরুখ খানের এই পুনর্মিলন এবং নতুন পোস্টারের রহস্যময়তা দর্শকদের কৌতূহলকে এখন তুঙ্গে নিয়ে গেছে।

এনএনবাংলা/ইএস