সাম্প্রতিক
Skip to content

বিয়ে করলেন ‘গোল্ডেন’ গায়িকা ইজে

ছবিঃ সংগৃহীত

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন নেটফ্লিক্সের অ্যানিমেটেড সিনেমা ‘কে-পপ: ডেমন হান্টার্স’-এর জনপ্রিয় গান ‘গোল্ডেন’ দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া গায়িকা ও গীতিকার ইজে। তাঁর জীবনসঙ্গী হয়েছেন সংগীত প্রযোজক ও গীতিকার স্যাম কিম। গত শনিবার দক্ষিণ কোরিয়ার সিউলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাঁদের বিয়ের রাজকীয় আয়োজন করা হয়। সোমবার আন্তর্জাতিক ফ্যাশন ও লাইফস্টাইল ম্যাগাজিন ‘ভোগ’–এ প্রকাশিত এক সাক্ষাৎকারে এই তারকা জুটি তাঁদের বিয়ের খবর ও ছবি প্রকাশ করেছেন।

সিউলের গাংডং এলাকার ‘স্টেজ ২৮’ নামক একটি ভেন্যুতে খোলা আকাশের নিচে বিয়ের আয়োজন করেন এই জুটি। জায়গাটি ইজের পরিবারের জন্য অত্যন্ত বিশেষ এবং স্মৃতিবিজড়িত। সেখানে একসময় ইজের নানা তথা দক্ষিণ কোরিয়ার বর্ষীয়ান অভিনেতা শিন ইয়ং-কিউনের বাড়ি ছিল। এর আগে ইজের বড় ভাইয়ের বিয়েও সম্পন্ন হয়েছিল একই ভেন্যুতে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথমে আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিয়ের পরিকল্পনা করেছিলেন ইজে ও স্যাম। কিন্তু পরবর্তীতে সেই পরিকল্পনা বদলে সিউলে বিয়ের সিদ্ধান্ত নেন এবং তারিখও এগিয়ে আনেন। ‘কে-পপ: ডেমন হান্টার্স’ সিনেমার বিশ্বব্যাপী সাফল্যের পর প্রচারণার ব্যস্ততার কারণে আগে তাঁদের বিয়ের পরিকল্পনা কিছুটা পিছিয়ে গিয়েছিল। ফলে শেষ মুহূর্তে কোরিয়ায় বিয়ের প্রস্তুতির জন্য মাত্র চার মাস সময় পেয়েছিলেন এই জুটি।

পশ্চিমা রীতির পাশাপাশি বিয়েতে কোরিয়ার ঐতিহ্যবাহী বিয়ের বিশেষ রীতি ‘পেবেক’ উদযাপন করা হয়। এই রীতি অনুযায়ী, নবদম্পতি ঐতিহ্যবাহী পোশাকে পরিবারের বয়োজ্যেষ্ঠদের সামনে নত হয়ে শ্রদ্ধা জানান এবং দাম্পত্য জীবনের জন্য তাঁদের আশীর্বাদ ও দোয়া নেন।

ইজে ও স্যাম কিমের পরিচয় হয়েছিল ২০১৭ সালের মে মাসে, একটি গানের কাজ করতে গিয়ে। শুরুতে সহকর্মী হিসেবে কাজ করলেও ধীরে ধীরে তাঁদের মধ্যে বন্ধুত্ব ও প্রেম গড়ে ওঠে। দীর্ঘ আট বছর প্রেমের পর ২০২৫ সালের জুনে বাগ্দান সম্পন্ন করেন তাঁরা।

দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় বিনোদন সংস্থা ‘এসএম এন্টারটেইনমেন্ট’-এর সাবেক প্রশিক্ষণার্থী ছিলেন ইজে। পরবর্তীতে গীতিকার হিসেবে কে-পপ ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। কে-পপের জনপ্রিয় ব্যান্ড রেড ভেলভেটের ‘সাইকো’ এবং এসপার ‘ড্রামা’ ও ‘আর্মাগেডন’-এর মতো চার্টব্রেকার গানগুলোর পেছনে গীতিকার হিসেবে অবদান রয়েছে তাঁর।

তবে বিশ্বমঞ্চে তাঁকে তুমুল জনপ্রিয়তা এনে দেয় নেটফ্লিক্সের ‘কে-পপ: ডেমন হান্টার্স’ সিনেমার ‘গোল্ডেন’ গানটি। গানটির সহ-গীতিকার ও মূল কণ্ঠশিল্পী ইজে নিজেই। চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে ভিজ্যুয়াল মিডিয়ার সেরা গান হিসেবে মর্যাদাপূর্ণ ‘গ্র্যামি পুরস্কার’ জিতে নেয় ইজের এই ‘গোল্ডেন’ গানটি।

এনএনবাংলা/ইএস