মেসির বিদায়ে আবেগাপ্লুত পূর্ণিমা-পরীমণি, ‘১০ নম্বরের গল্পটা কখনও শেষ হবে না’

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসি। বুধবার (৭ অক্টোবর) বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচটিও স্মরণীয় করে রাখেন তিনি। ম্যাচটিতে একটি গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেন আর্জেন্টাইন অধিনায়ক।
মেসির বিদায়ের এই আবেগঘন মুহূর্তে বিশ্বের কোটি ভক্তের সঙ্গে আবেগে ভেসেছেন বাংলাদেশের শোবিজ তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় ফুটবল তারকাকে নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা ও পরীমণি।
মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ নিয়ে অনুভূতি জানাতে গিয়ে পূর্ণিমা লেখেন, ‘জীবনের সব দুঃখ এক পাশে, আর অন্য পাশে মেসিকে হয়তো শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে দেখতে পাওয়ার বেদনা!’
অন্যদিকে মেসির বিদায়কে একটি যুগের সমাপ্তি হিসেবে দেখেছেন পরীমণি। দীর্ঘ আবেগঘন এক বার্তায় তিনি লেখেন, ‘আজকের এই ম্যাচ শুধু একটা ম্যাচ নয়… আজ একটা যুগের শেষ অধ্যায়।’
মেসিকে ঘিরে নিজের দীর্ঘদিনের স্মৃতির কথাও তুলে ধরেছেন এই অভিনেত্রী। তিনি লেখেন, ‘কত রাত জেগে তার খেলা দেখেছি, কত গোলের পর চিৎকার করেছি, কত হারের পর কেঁদেছি—সবকিছু আজ চোখের সামনে ভেসে উঠছে।’
বিশেষ করে ২০২২ সালের বিশ্বকাপে মেসির নেতৃত্বে আর্জেন্টিনার শিরোপা জয়ের স্মৃতিও স্মরণ করেছেন পরীমণি। মেসির হাতে বিশ্বকাপ ট্রফি দেখার সেই আনন্দ কখনও ভুলে যাওয়ার নয় বলে উল্লেখ করেন তিনি।
বার্তার শেষ দিকে মেসির ফুটবলীয় উত্তরাধিকার নিয়েও আবেগ প্রকাশ করেন পরীমণি। তিনি লেখেন, ‘বিদায় নয়, লিও, তুমি তো ফুটবলের ইতিহাসে থেকে যাবে। আর্জেন্টিনার জার্সি বদলাবে, প্রজন্ম বদলাবে, কিন্তু ১০ নম্বরের গল্পটা কখনও শেষ হবে না।’
এনএনবাংলা/
