সাম্প্রতিক
Skip to content

মুক্তির ১০ বছর পর ওটিটিতে আসছে রাজ-তুষির প্রথম সিনেমা

ছবিঃ সংগৃহীত

প্রায় ১০ বছর আগে তরুণ বয়সের প্রেম, সম্পর্কের জটিলতা আর ত্রিকোণ টানাপোড়েনের গল্প নিয়ে বড় পর্দায় হাজির হয়েছিল রেদওয়ান রনির দ্বিতীয় চলচ্চিত্র ‘আইসক্রিম’। ২০১৬ সালের ২৯ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই রোমান্টিক-ড্রামা ঘরানার সিনেমাটি এবার সম্পূর্ণ নতুন মাধ্যমে দর্শকদের সামনে এসেছে। গত সোমবার দিবাগত রাত ১২টায় (২০ অক্টোবর) ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হয়েছে ছবিটি। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মটির সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটির থিমেটিক পোস্টার ও ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মাঝে এটি নিয়ে নতুন করে প্রবল কৌতূহল তৈরি হয়।

এই সিনেমাটির হাত ধরেই ঢাকাই চলচ্চিত্রে একসঙ্গে অভিষেক ঘটেছিল আজকের জনপ্রিয় তিন তারকা—শরীফুল রাজ, নাজিফা তুষি এবং কুমার উদয়ের। ওটিটি মুক্তির আবহে নিজেদের ক্যারিয়ারের সেই প্রথম সৃষ্টি নিয়ে স্মৃতিচারণ করেছেন প্রধান অভিনয়শিল্পীরা।

অভিনেত্রী নাজিফা তুষি তার সেই শুরুর দিনগুলোর কথা মনে করে বলেন, “সিনেমার ক্যানভাসটা যে কতটা বিশাল, তা না বুঝেই অল্টারনেটিভ ধারার এই চলচ্চিত্রে দাঁড়িয়ে গিয়েছিলাম। তখন ইন্ডাস্ট্রির কিছুই বুঝতাম না, শুধু অভিনয়ের তীব্র ইচ্ছা ছিল। আজ এক দশক পর এসে খুব অবাক লাগে যে কীভাবে কীভাবে কাজটা করেছিলাম!”

অন্যদিকে অভিনেতা শরীফুল রাজ বলেন, “১০ বছর আগের রাজ আর আজকের রাজের মধ্যে অনেক বদল এসেছে, তবে ‘আইসক্রিম’ আমার ক্যারিয়ারের সেই শক্ত ভিত্তি যা আমাকে আজকের অবস্থানে এনেছে। রিহার্সাল, ক্যামেরার পেছনের সেই নার্ভাসনেস আর রনি ভাইয়ের গাইডেন্সের মুহূর্তগুলো আজ ১০ বছর পরও আমার মনে একদম জীবন্ত। দর্শকেরা চরকিতে ছবিটির মাধ্যমে আমাদের শুরুর সেই প্যাশনটা দেখতে পাবেন।”

ছবির নাম ‘আইসক্রিম’ রাখার পেছনের রূপক অর্থটি ছবির মূল উপজীব্য। নির্মাতা ও চিত্রনাট্যকার রেদওয়ান রনির মতে, মানুষের সম্পর্কগুলো আইসক্রিমের মতোই সংবেদনশীল। নির্দিষ্ট তাপমাত্রায় না রাখলে যেমন আইসক্রিম গলে যায় কিংবা অতিরিক্ত ঠান্ডায় শক্ত বরফ হয়ে যায়, মানবীয় সম্পর্কের সমীকরণগুলোও ঠিক তেমনই যত্নে আগলে রাখতে হয়। সম্পূর্ণ নতুন মুখ নিয়ে কাজ করা প্রসঙ্গে পরিচালক জানান, হাসি-কান্না-দুঃখের এমন কিছু নতুন অনুভূতি তিনি পর্দায় দেখাতে চেয়েছিলেন যা দর্শকেরা আগে দেখেননি।

শুক্লা বণিক, সালমা আদিল ও রেদওয়ান রনির যৌথ প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন গুণী শিল্পী প্রয়াত এটিএম শামসুজ্জামান, দিতি, ওমর সানি, সায়েম সাদাত ও নাদিয়া খানম। ছবিটির আবহকে আরও জমজমাট করেছে অর্ণব, আরমিন মুসা, মিনার রহমান এবং শারমিন সুলতানা সুমির কণ্ঠ দেওয়া নস্টালজিক গানগুলো। ওটিটির নতুন প্রজন্মের দর্শকদের কাছে রাজ-তুষি-উদয় ত্রয়ীর এই প্রথম রসায়ন এক ভিন্ন মাত্রার বিনোদন যোগ করবে বলে আশা করা হচ্ছে।