গুলিস্তানে ফুটপাতের শতাধিক দোকান উচ্ছেদ

রাজধানীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা গুলিস্তানে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে এক বিশাল উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই যৌথ অভিযানে ঢাকা ট্রেড সেন্টার, ফুলবাড়িয়া সুপারমার্কেট সংলগ্ন ফুটপাত এবং হানিফ ফ্লাইওভারের নিচের শতাধিক অবৈধ দোকান ও নকশা-বহির্ভূত বর্ধিত অংশ পে-লোডারসহ ভারী যন্ত্রপাতি দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
ডিএসসিসির চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ মালামাল ও সরঞ্জাম জব্দ করা হয়। উচ্ছেদ কার্যক্রমে সিটি করপোরেশনের শতাধিক পরিচ্ছন্নতাকর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ছয়টি প্লাটুন অংশ নেয়।
অভিযান চলাকালে সরেজমিনে পরিদর্শনে আসেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এ সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি হকারদের পুনরায় রাস্তা দখলের প্রবণতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
প্রশাসক জানান, হকারদের পুনর্বাসনের জন্য নির্দিষ্ট স্থান, নৈশ ও হলিডে মার্কেট ঠিক করে দেওয়া হয়েছে এবং গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত রাস্তা সম্পূর্ণ দখলমুক্ত রাখা হবে। বারবার সতর্ক করার পরও ফুটপাত দখলের দায়ে মালামাল জব্দের পাশাপাশি নিয়ম ভাঙলে সরাসরি গ্রেপ্তারের হুঁশিয়ারি দেওয়া হয়। ডিএসসিসির শীর্ষ কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে পরিচালিত এই যৌথ অভিযান সাধারণ পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে নিয়মিত প্রক্রিয়া হিসেবে অব্যাহত থাকবে।
এনএনবাংলা/ইএস
