বায়তুল মোকাররম থেকে গ্রেপ্তার আ. লীগের ১৪ নেতাকর্মী ৩ দিনের রিমান্ডে

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় মিছিলের পরিকল্পনা, রাষ্ট্রবিরোধী স্লোগান, নাশকতার পরিকল্পনা ও বিশৃঙ্খলা সৃষ্টির মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৪ নেতাকর্মীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই রোকনুজ্জামান এ তথ্য জানান।
রিমান্ডে যাওয়া আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মোস্তফা সরদার, ঢাকা ৪৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাজীবসহ ১৪ জন।
এর আগে গত ২৪ অক্টোবর রাজধানীর পুরানা পল্টনে বায়তুল মোকাররমের পাশে আজাদ প্রোডাক্টস গলির মুখে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১০০ থেকে ১২০ জন নেতাকর্মী জড়ো হয়ে সরকার ও রাষ্ট্রবিরোধী স্লোগান দেন এবং নাশকতার পরিকল্পনা করেন বলে মামলায় অভিযোগ করা হয়।
খবর পেয়ে পল্টন থানা পুলিশ ঘটনাস্থলে গেলে কয়েকজন পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। এ ঘটনায় পল্টন মডেল থানায় মামলা করে পুলিশ।
মামলায় গ্রেপ্তার ১৪ নেতাকর্মীর সঙ্গে মো. আপন ও চার কিশোরকেও আসামি করা হয়। চার কিশোরকে গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। মঙ্গলবার রিমান্ড শুনানিতে ১৪ আসামিকে আদালতে হাজির করা হলে তাদের পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেপ্তার আপনকে আদালতে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করা হবে বলে জানিয়েছেন এসআই রোকনুজ্জামান।
এনএনবাংলা/
