মিমের প্রথম সম্মানী ৫ হাজার টাকা, বর্তমানে নেন ১৫ লাখেরও বেশি

চিত্রজগতের জনপ্রিয় তারকা বিদ্যা সিনহা মিম আজ ছোট পর্দা পেরিয়ে বড় পর্দার প্রথম সারির নায়িকা। সময়ের সাথে সাথে তাঁর পরিচিতি, জনপ্রিয়তা এবং কাজের পরিধি যেমন বেড়েছে, তেমনই বেড়েছে তাঁর পারিশ্রমিকের অঙ্কও। তবে ক্যারিয়ারের শুরুর সেই প্রথম উপার্জনের স্মৃতি আজও তাঁর হৃদয়ে অমলিন।
২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর শোবিজে মিমের নতুন পথচলা শুরু হয়। এরপর প্রয়াত কথাসাহিত্যিক ও প্রখ্যাত নির্মাতা হুমায়ূন আহমেদের পরিচালনায় ‘রহস্য’ নামের একটি নাটকে অভিনয়ের সুযোগ পান তিনি। আর এই নাটকটি থেকেই আসে তাঁর জীবনের প্রথম পারিশ্রমিক, যার পরিমাণ ছিল মাত্র পাঁচ হাজার টাকা। প্রথম উপার্জনের সেই টাকা মিম তাঁর মায়ের হাতে তুলে দিয়েছিলেন। হুমায়ূন আহমেদের মতো গুণী মানুষের হাত থেকে পাওয়া সেই বিশেষ সম্মানী মিম আজও পরম যত্নে নিজের কাছে রেখে দিয়েছেন।
নাটক ও মডেলিংয়ের পর ২০০৮ সালে হুমায়ূন আহমেদেরই ‘আমার আছে জল’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে মিমের। ক্যারিয়ারের প্রথম এই সিনেমার জন্য তিনি ৩ লাখ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। ছবিটিতে দেশের প্রতিষ্ঠিত তারকাদের ভিড়ে নতুন হিসেবে মিমের যে জড়তা ছিল, তা কাটাতে মূল ভূমিকা রেখেছিলেন পরিচালক নিজে। প্রথম ছবিতেই বাজিমাত করার পর ২০০৯ সালে মুক্তি পায় তাঁর দ্বিতীয় চলচ্চিত্র ‘আমার প্রাণের প্রিয়া’।
এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি মিমকে। একে একে অভিনয় করেছেন ‘জোনাকির আলো’, ‘তারকাঁটা’, ‘পদ্ম পাতার জল’, ‘পরাণ’, ‘দামাল’ এবং ‘অন্তর্জাল’ এর মতো বেশ কিছু আলোচিত ও জনপ্রিয় চলচ্চিত্রে। দীর্ঘ এই পথচলায় তাঁর পারিশ্রমিকের গ্রাফও ঊর্ধ্বমুখী। গত বছরের এক তথ্যানুযায়ী, বিদ্যা সিনহা মিম এখন প্রতি সিনেমায় অভিনয়ের জন্য ১৫ লাখ টাকারও বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন।
আজকের এই অবস্থানে পৌঁছানোর পথটা মিমের জন্য খুব একটা সহজ ছিল না। লাক্স প্রতিযোগিতায় নাম লেখানোর আগে প্রায় দুই বছর ধরে তিনি মিডিয়ায় কাজ পাওয়ার চেষ্টা চালিয়ে গেছেন। শুরুর দিকে ছোটখাটো চরিত্রের প্রস্তাব এলেও তিনি সব সময়ই চেয়েছিলেন মূল চরিত্রে অভিনয় করতে। একবার অভিনেতা জাহিদ হাসানের বোনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলেও মিম তা ফিরিয়ে দিয়েছিলেন। কাকতালীয়ভাবে, পরবর্তীতে নিজের অভিনীত প্রথম চলচ্চিত্রে সেই জাহিদ হাসানকেই সহশিল্পী হিসেবে পেয়েছিলেন তিনি।
এনএনবাংলা/ইএস
