শাহরুখের জন্মদিন আজ, ‘মান্নাত’র সামনে হাজারো ভক্তের ভিড়
আজ ৬১ বছরে পা দিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। গতকাল বিকেলের পর থেকেই ভিড় বাড়তে থাকে মান্নাতের বাইরে। জন্মদিনের প্রথম প্রহরে তা যেন জনসমুদ্রে রূপ নিতে থাকে।
জন্মদিন মানেই ভক্তদের কাছে বিশেষ এক উৎসব। প্রতি বছর ২ নভেম্বর প্রিয় তারকার জন্মদিন উদযাপনে মুম্বাইয়ের বান্দ্রায় তার বাসভবন মান্নাতের সামনে ভিড় করেন হাজারো অনুরাগী। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলে শুভেচ্ছা ও ভালোবাসার বন্যা। তবে এবারের জন্মদিনে ভক্তদের জন্য থাকছে কিছুটা ভিন্ন অভিজ্ঞতা।
বাড়ি সংস্কারের কাজ এবং তাঁর আগামী মেগা প্রজেক্ট ‘কিং’ ছবির শুটিংয়ের জন্য শাহরুখ এবার জন্মদিনে মুম্বইতে থাকছেন না, উড়ে যাচ্ছেন লন্ডনে। ফলে এবার মান্নাতের ব্যালকনিতে সশরীরে ‘শাহরুখ দর্শন’ মিলবে না। তবে সশরীরে উপস্থিত না থাকলেও, ভক্তদের একেবারেই নিরাশ করছেন না বলিউড বাদশা। তার অনুপস্থিতিতেও মান্নাতের বাইরে বসানো হয়েছে এক বিশাল স্ক্রিন।
গোটা মান্নাত সেজে উঠেছে আলোয়। এই মেগা স্ক্রিনের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ভক্তদের অনুমান, এই বিশাল স্ক্রিনে কিং খানের আগামী অ্যাকশন-থ্রিলার ছবি ‘কিং’-এর ফার্স্ট লুক বা টিজার প্রকাশ করা হতে পারে।
শাহরুখের জন্মদিন ঘিরে আলোকসজ্জায় সাজানো হয় মুম্বাইয়ের সি লিংকও। দেশের বিভিন্ন প্রান্তে ভক্তরা কেক কেটে, নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করেন প্রিয় তারকার জন্মদিন।
জন্মদিনের বপ্রকাশ করা হয়েছে শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং সিনেমার প্রথম গান ‘তু মিল জায়ে’। গানটিতে শাহরুখের সঙ্গে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘কিং’-এ একজন অভিজ্ঞ আততায়ীর চরিত্রে অভিনয় করছেন শাহরুখ। সিনেমাটিতে সুহানা খানসহ দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানী মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ ও আরশাদ ওয়ারসির মতো অভিনয়শিল্পীরা রয়েছেন। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের প্রযোজনায় নির্মিত সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
এনএনবাংলা/এফএস
