সাম্প্রতিক
Skip to content

স্পেনে পুরস্কার জিতল বাংলাদেশের ২ সিনেমা

রইদ’ সিনেমার দৃশ্য। ছবি : সংগৃহীত

দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করল মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ এবং মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’। স্পেনের মর্যাদাপূর্ণ ‘এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল বার্সেলোনা’য় অফিশিয়াল বিভাগে পুরস্কার জিতে নিয়েছে সিনেমা দুটি।

উৎসবে বিচারকদের মন জয় করে ‘অফিশিয়াল সিলেকশন’ বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতে নিয়েছে ‘রইদ’। অন্যদিকে, নিরীক্ষাধর্মী ও বিকল্প ধারার গল্পের জন্য ‘আদার ন্যারেটিভ’ বিভাগে স্পেশাল মেনশন পুরস্কার পেয়েছে ‘দেলুপি’।

চলতি বছরের শুরুতে নেদারল্যান্ডসের বিখ্যাত ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম’-এ প্রিমিয়ারের মাধ্যমে আন্তর্জাতিক যাত্রা শুরু করে ‘রইদ’। এরপর গত কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। সাদু ও তার স্ত্রী পাগলির মধ্যকার সরল ও গভীর সম্পর্কের গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।

বার্সেলোনার আগে কানাডার ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ সেরা অভিনেত্রী, সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা সংগীতের পুরস্কারও ঘরে তোলে সিনেমাটি। আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যের ধারাবাহিকতায় আগামী বছর অনুষ্ঠিতব্য ৯৯তম অস্কার আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের এই বহুল প্রশংসিত সিনেমা।

গত বছর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘দেলুপি’ সিনেমাটির এটি দ্বিতীয় আন্তর্জাতিক স্বীকৃতি। এর আগে উত্তর আমেরিকার ‘তাসভীর চলচ্চিত্র উৎসব’-এ সিনেমাটির জন্য সেরা অভিনেতার পুরস্কার জেতেন চিরনজিৎ বিশ্বাস। এ পর্যন্ত বিশ্বের ১০টি চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে সিনেমাটি।

খুলনার দক্ষিণাঞ্চলের মানুষের জীবনসংগ্রাম, রাজনীতি, ভালোবাসা, প্রাকৃতিক দুর্যোগ ও যাত্রাশিল্পীদের বাস্তবতা নিয়ে নির্মিত হয়েছে ‘দেলুপি’। সিনেমাটির একটি বড় বিশেষত্ব হলো, এর সব অভিনয়শিল্পীই খুলনার স্থানীয় বাসিন্দা। এর আগে ওটিটি প্ল্যাটফর্মে ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ সিরিজ নির্মাণ করে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম।

স্পেনের মাটিতে বাংলাদেশের দুটি সিনেমার এই জোড়া সাফল্য দেশের চলচ্চিত্র অঙ্গনে নতুন এক উদ্দীপনার সৃষ্টি করেছে।

এনএনবাংলা/ইএস