সাম্প্রতিক
Skip to content

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৩ বাংলাদেশির বিজয়

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আবারও জয় লাভ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিকরা। তাদের মধ্যে জর্জিয়ায় শেখ রহমান, কানেকটিকাটে এমডি মাসুদুর রহমান এবং নিউ হ্যাম্পশায়ারে আবুল বি খান জয় পেয়েছেন।

এই তিনজনের সাফল্য শুধু মার্কিন রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির ক্রমবর্ধমান প্রভাব তুলে ধরার পাশাপাশি প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তিকেও আরও উজ্জ্বল করেছে। ফলাফলের পর বিজয়ীরা শুভেচ্ছা বিনিময় করছেন তাদের সমর্থকদের সঙ্গে।

সবশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে জর্জিয়ার স্টেট সিনেটের ৫ নম্বর আসনে আবারও নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট শেখ রহমান। কিশোরগঞ্জের সন্তান শেখ রহমান জর্জিয়ার প্রথম মুসলিম ও এশীয় বংশোদ্ভূত স্টেট সিনেটর। ২০১৮ সালে প্রথম নির্বাচিত হওয়ার পর থেকে তিনি এ আসনের প্রতিনিধিত্ব করছেন।

কানেকটিকাটেও পুনর্নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডেমোক্র্যাট এমডি মাসুদুর রহমান। স্টেট সিনেটের ৪ নম্বর আসনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী জেন জেনিংসকে হারিয়েছেন তিনি। চাঁদপুরের হাজীগঞ্জের সন্তান মাসুদুর রহমান প্রথম স্টেট সিনেটর নির্বাচিত হন ২০২২ সালে।

নিউ হ্যাম্পশায়ারের রকিংহাম ৩০ আসনে স্টেট হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য পদে জয় পেয়েছেন রিপাবলিকান আবুল বি খান। পিরোজপুরের সন্তান আবুল খান দীর্ঘদিন ধরে নিউ হ্যাম্পশায়ারের রাজনীতির সঙ্গে যুক্ত। এবারের জয় অঙ্গরাজ্যের আইনসভায় তার রাজনৈতিক যাত্রাকে আরও দীর্ঘ করল।

মধ্যবর্তী নির্বাচনে এই তিন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিকের সাফল্য যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য পর্যায়ের রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্বের ধারাবাহিকতা।

এনএনবাংলা/এফএস