সাম্প্রতিক
Skip to content

স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রি, কুয়েতে ৫ বাংলাদেশি গ্রেপ্তার

ছবি: দ্য টাইমস (কুয়েত)

কুয়েতে স্কুলশিক্ষার্থীদের কাছে ইলেকট্রনিক সিগারেট (ই-সিগারেট) বিক্রির অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। বাড়ির ভেতরে লাইসেন্সবিহীন মুদি দোকান খুলে অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের কাছে এসব পণ্য বিক্রি করতেন তারা।

মঙ্গলবার (৪ নভেম্বর) কুয়েতের সংবাদমাধ্যম দ্য টাইমস প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, কুয়েত সিটির সাদ আল-আবদুল্লাহ এলাকায় জেনারেল ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল ইনভেস্টিগেশনের কর্মকর্তারা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। তবে গ্রেপ্তার হওয়া পাঁচ বাংলাদেশির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

একটি স্কুলের কাছাকাছি অবস্থিত ওই দোকানে অপ্রাপ্তবয়স্কদের কাছে ই-সিগারেট বিক্রির তথ্য পাওয়ার পর তদন্ত শুরু করে নিরাপত্তা কর্তৃপক্ষ। তথ্যের সত্যতা যাচাই করে সন্দেহভাজনদের কার্যক্রমের ওপর নজরদারি চালানো হয়। এ সময় শিক্ষার্থীদের কাছ থেকে অর্ডার নেওয়া, পণ্য প্রস্তুত করা এবং গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন কর্মকর্তারা।

একপর্যায়ে বাড়ির বাইরে স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির সময় প্রথম সন্দেহভাজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে আরও চারজনকে আটক করা হয়।

অভিযানকালে কর্মকর্তারা ৩৬ বাক্স ই-সিগারেট, ২১৯টি ছোট প্যাকেট তামাক এবং ১ হাজার ৭২২ কুয়েতি দিনার জব্দ করেন।

তদন্তে জানা গেছে, গ্রেপ্তার পাঁচজন যৌথভাবে ওই লাইসেন্সবিহীন মুদি দোকানটি পরিচালনা করতেন। তাদের প্রত্যেকের দায়িত্ব ছিল আলাদা। কেউ দোকানের তদারকি ও কার্যক্রম পরিচালনা করতেন, কেউ অর্থ সংগ্রহ, ফোনে অর্ডার নেওয়া, পণ্য প্রস্তুত ও গ্রাহকদের কাছে সরবরাহের দায়িত্বে ছিলেন।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।

এনএনবাংলা/