সাম্প্রতিক
Skip to content

ডেঙ্গু ও হামে ২৪ ঘণ্টায় ৬ জন করে ১২ মৃত্যু

ছবি: নিউ নেশন অনলাইন

দেশে ডেঙ্গু ও হামের প্রকোপে উদ্বেগজনক পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই দুই রোগে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ডেঙ্গুতে ছয়জন এবং হামের উপসর্গ নিয়ে আরও ছয়জন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গু ও হাম-উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ২৬৮ জন।

বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু ও হামবিষয়ক পৃথক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ছয়জনের মধ্যে চারজন ঢাকা বিভাগের এবং দুজন খুলনা বিভাগের বাসিন্দা। এ সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৬ জন। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৮৬৮ জন, চট্টগ্রামে ২৫৬ জন, খুলনায় ২১৫ জন, বরিশালে ২০৬ জন, রাজশাহীতে ১৭১ জন, রংপুরে ৭১ জন, ময়মনসিংহে ৬৬ জন এবং সিলেটে ১৩ জন ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৪৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ২১২ জন, খুলনায় ৮২ জন, চট্টগ্রামে ৪৩ জন, ময়মনসিংহে ৩৭ জন, বরিশালে ৩০ জন, রাজশাহীতে ২৯ জন, রংপুরে আটজন এবং সিলেটে চারজন মারা গেছেন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিত হামে এ সময়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪০২ জন। এর মধ্যে সন্দেহজনক রোগী ১ হাজার ৩২৫ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৭ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ২৬৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১৬৪ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ১০৫ শিশুর।

এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৮ হাজার ৬৩৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৯৯ হাজার ৮৯৪ জন। এ ছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ২ লাখ ৩৪ হাজার ১৪৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ২৪ হাজার ১৫০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এনএনবাংলা/