বাড়ি দখলের হুমকি দিয়ে পদ হারালেন জাবি ছাত্রদল নেতা
দোকান দখলের চেষ্টা, জুলাই আন্দোলনে শহীদের বাবাকে হুমকি, পরিবহনের কার্ট আটকে অর্থ দাবি, বাড়ি দখলের হুমকিসহ নানা অভিযোগ উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজার বিরুদ্ধে।
এবার সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তাকে সাময়িক বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার যুগ্ন আহ্বায়ক সেলিম রেজাকে তাঁর সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
এর আগের দিন ৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাহিলের বাবা মো. তারিকুল ইসলাম আশুলিয়া থানায় জিডি করেন। এতে সেলিম রেজা, নবীনুর ইসলাম নবীনসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে হুমকি, ভয়ভীতি ও গালিগালাজের অভিযোগ আনা হয়েছে।
রাহিলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০ সালে তার বাবা ও এক আত্মীয় যৌথভাবে আশুলিয়ার ইসলামনগরে একটি ভবন নির্মাণের উদ্যোগ নেন। পরবর্তীতে ভবন নির্মাণের ব্যয় ও পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা চলমান রয়েছে। পাওনা টাকা আদায়ের জন্য আদালতে মানি স্যুট করা হয়েছে বলেও জানান রাহিল।
রাহিলের অভিযোগ, মামলা চলমান থাকা অবস্থায় অভিযুক্তরা তার বাবাকে আলোচনায় বসে বিষয়টি মীমাংসার জন্য চাপ দিয়ে আসছেন। সর্বশেষ ৪ নভেম্বর দুপুরে সেলিম রেজা ও নবীনুর ইসলাম নবীনসহ ১০ থেকে ১২ জন তার বাবার অফিসে উপস্থিত হন। এ সময় আগামী শনিবারের মধ্যে মীমাংসায় বসার জন্য চাপ দেওয়া হয়। অন্যথায় ভবনের দখল অন্য পক্ষকে বুঝিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
এনএনবাংলা/এফএস
