সাম্প্রতিক
Skip to content

শুক্রবারের বাজার-সদাই

শীতের সবজিতে কমছে দাম, ডিমেও ফিরছে স্বস্তি; চড়া মাছ-মাংসের বাজার

ছবি কোলাজ: নিউ নেশন অনলাইন

শীতের আগমনে রাজধানীর বাজারে বাড়তে শুরু করেছে মৌসুমি সবজির সরবরাহ। শিম, ফুলকপি, বাঁধাকপি ও মুলার মতো শীতকালীন সবজির দাম কমতে শুরু করায় কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। পাশাপাশি কমেছে ডিমের দামও। তবে সবজির বাজারে এখনো টমেটো, কাঁচামরিচ ও গাজরের দাম চড়া। অন্যদিকে মাছের বাজারে তেমন পরিবর্তন নেই। আগের দামেই বিক্রি হচ্ছে অধিকাংশ মাছ, ইলিশের দামও রয়েছে নাগালের বাইরে।

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে বর্তমানে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। আকারভেদে প্রতি পিস ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা এবং বাঁধাকপি ৫০ থেকে ৬০ টাকা। মুলার কেজি ৪০ থেকে ৫০ টাকা। এ ছাড়া ধুন্দল, ঝিঙা ও মেটে আলু বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৬০ টাকায়।

তবে সব ধরনের সবজির দাম কমেনি। জাত ও আকারভেদে প্রতি কেজি বেগুন ৪০ থেকে ৭০ টাকা হলেও গোল বেগুনের দাম ১০০ থেকে ১২০ টাকা। টমেটো ও কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। গাজরের কেজি ১৪০ টাকা। দেশি শসা ৮০ টাকা এবং হাইব্রিড শসা ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এ ছাড়া প্রতি কেজি ঢ্যাঁড়শ ও কচুমুখি ৫০ থেকে ৬০ টাকা, বরবটি, করলা ও কাঁকরোল ৬০ থেকে ৭০ টাকা। প্রতি পিস লাউ ৪০ থেকে ৫০ টাকা। পেঁপে ৩০ টাকা, মিষ্টিকুমড়া ৩০ থেকে ৪০ টাকা এবং আলু ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।

মহাখালীর সবজি বিক্রেতা কামরুল বলেন, বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। ফলে বেশ কিছু সবজির দাম আগের তুলনায় কমেছে। সরবরাহ আরও বাড়লে আগামী দিনগুলোতে দাম আরও কমতে পারে।

এদিকে সবজির বাজারে কিছুটা স্বস্তি থাকলেও মাছ কিনতে গিয়ে বাড়তি খরচ করতে হচ্ছে ক্রেতাদের। আগের সপ্তাহের কাছাকাছি দামেই বিক্রি হচ্ছে অধিকাংশ মাছ। বর্তমানে প্রতি কেজি রুই মাছ আকারভেদে ২৮০ থেকে ৩৮০ টাকা, বড় তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকা, সিলভার কার্প ও গ্রাস কার্প ১৮০ থেকে ২০০ টাকা এবং পাঙাশ ১৬০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে কাতলা মাছের কেজি ৩৫০ থেকে ৩৮০ টাকা, চাষের কই ২০০ থেকে ২২০ টাকা এবং পাবদা ৩৮০ থেকে ৪২০ টাকা। তবে ইলিশের দাম এখনো বেশ চড়া। আকার ও মানভেদে প্রতি কেজি ইলিশ ৮০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। কোনো কোনো বাজারে বড় ইলিশের দাম উঠেছে ২ হাজার ৬০০ টাকা পর্যন্ত।

মাছের বাজারে স্বস্তি না থাকলেও ডিমের দামে কিছুটা কমতি দেখা গেছে। আগে প্রতি ডজন ডিমের দাম প্রায় ১৫০ টাকা থাকলেও বর্তমানে তা কমে ১৩০ টাকায় নেমেছে। বাজারে সরবরাহ বাড়ায় ডিমের দাম কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

এনএনবাংলা/