সাম্প্রতিক
Skip to content

তাহসিফ হত্যা: রিমান্ডে বান্ধবী দিশার দেওয়া তথ্য ঘিরে নতুন রহস্য

ছবি: সংগৃহীত

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তার বান্ধবী জেরিকা তাসনিম দিশা। ঘটনার আগের দিন তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে যাতায়াত, রেস্টুরেন্টে খাওয়া এবং তাদের যোগাযোগের বিষয়ে বেশ কিছু তথ্য দিয়েছেন তিনি। তবে তদন্তের স্বার্থে সেসব তথ্য প্রকাশ করেনি পুলিশ।

দুই দফায় মোট সাত দিনের রিমান্ড শেষে শুক্রবার (৬ নভেম্বর) দিশাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ এ আদেশ দেন।

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, ঘটনার আগের দিন ২৭ অক্টোবর রাতে তাহসিফের সঙ্গে উত্তরার ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে’ গিয়েছিলেন দিশা। এর আগে সন্ধ্যায় একাধিকবার ‘সিপি ফাইভ স্টার স্ন্যাকস’-এ যান তারা। পাশাপাশি একটি মোটরসাইকেল গ্যারেজেও একসঙ্গে গিয়েছিলেন। তাহসিফের মোটরসাইকেলে বিভিন্ন স্থানে ঘোরাঘুরির কথাও জিজ্ঞাসাবাদে জানিয়েছেন দিশা।

তদন্ত কর্মকর্তা আরও জানান, ঘটনার বিষয়ে দিশা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেও একাধিক প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে গেছেন। তার দেওয়া বক্তব্য মামলার আরেক সন্দিগ্ধ ব্যক্তি আহমেদ শাহরিয়ার রেজা দীপের বক্তব্যের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে। তাহসিফের মোবাইল ফোনের কললিস্টেও দিশার সঙ্গে একাধিকবার যোগাযোগের তথ্য পাওয়া গেছে।

প্রাথমিক তদন্তে ঘটনায় দিশার সংশ্লিষ্টতার তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে উল্লেখ করে তাকে কারাগারে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। প্রয়োজনে তদন্তের স্বার্থে তাকে আবারও রিমান্ডে নেওয়া হতে পারে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

এর আগে গত শনিবার কাফরুল থেকে দিশাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তার প্রথম দফায় চার দিন এবং গত বুধবার দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এদিকে, মামলার আরেক সন্দিগ্ধ ব্যক্তি দীপও পুলিশ হেফাজতে রয়েছেন। তাকে তিন দফায় মোট ১০ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

গত ২৮ অক্টোবর বিকেলে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফ সাউরির ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। এর আগের দিন ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপের ডাকে বাসা থেকে নিজের মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন তাহসিফ।

এনএনবাংলা/