সাম্প্রতিক
Skip to content

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ২ দিনের রিমান্ডে দিলীপ আগরওয়ালা

ছবি: সংগৃহীত

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা এ মামলায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ আদেশ দেন।

আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৭ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর মাসুদুর রহমান দিলীপ আগরওয়ালাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করে আদালত। এদিন তাকে আদালতে হাজির করা হলে প্রথমে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। পরে রিমান্ড আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে দিলীপ আগরওয়ালার পক্ষে আইনজীবী আনোয়ারুল কবীর বাবুল, জাকারিয়া হায়দারসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানান। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুন সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনালসংলগ্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী মিছিল বের করেন। নিবাস মজুমদারসহ মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা সরকারবিরোধী স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। পাশাপাশি রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও আনা হয়। এ ঘটনায় ওই দিনই তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই মোহাম্মদ জাহিদুল হক সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

গত ১৯ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর বনানী থেকে দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন সোনা ও হীরা চোরাচালান এবং অর্থ পাচারের মামলায় তাকে এক দিনের রিমান্ডে পাঠান আদালত।

এরপর ২১ অক্টোবর জুলাই আন্দোলনের সময় আ. জব্বারকে হত্যাচেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় দুই দফায় ছয় দিনের রিমান্ডেও নেওয়া হয় তাকে। রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয় দিলীপ আগরওয়ালাকে। পরে ২ নভেম্বর দুর্নীতির মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছিল তৎকালীন র‍্যাব। ওই দিন মধ্যরাতে রাজধানীর গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ডের কার্যালয় ঘিরে অভিযান চালায় বাহিনীটি। পরে কোটা সংস্কার আন্দোলনের সময় বাড্ডায় হৃদয় আহমেদ নামে এক কিশোরকে হত্যার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করে পুলিশ। বিভিন্ন মামলায় গ্রেপ্তার ও রিমান্ডের পর নিম্ন ও উচ্চ আদালত থেকে জামিন পেয়ে তিনি কারামুক্ত হন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দিলীপ আগরওয়ালা। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য।

এনএনবাংলা/