এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ আবেদনের সময় বাড়লো
এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদনের সময়সীমা আরও ১২ ঘণ্টা বাড়ানো হয়েছে। অনলাইন প্রযুক্তিগত সমস্যার কারণে নির্ধারিত সময়ের মধ্যে অনেক শিক্ষার্থী আবেদন করতে না পারায় আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, আবেদনের শেষ সময় শনিবার রাত ১২টার পরিবর্তে রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর পরীক্ষার্থী, অভিভাবক, প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কারিগরি ত্রুটির কারণে উত্তরপত্র পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদন প্রক্রিয়া ৭ নভেম্বর বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বিঘ্নিত হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ কারণে অনেক পরীক্ষার্থী ওই সময়ে আবেদন করতে পারেননি। পরীক্ষার্থীদের বিষয়টি বিবেচনা করে উত্তরপত্র পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদনের শেষ সময় আজ ৭ নভেম্বর রাত ১২টার পরিবর্তে আগামীকাল ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় গত ১ নভেম্বর। এবার পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ; যা সংখ্যায় ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অপরদিকে ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।
এনএনবাংলা/এফএস
