তানজিন তিশার বিরুদ্ধে এবার মানহানির মামলা, তদন্তে পিবিআই

শাড়িকাণ্ডের বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন আইনি জটিলতায় পড়েছেন অভিনেত্রী তানজিন তিশা। ফেসবুকে আপত্তিকর ছবি প্রকাশ ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকা চৌধুরী।
রোববার (৮ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল হোসেনের আদালতে মামলাটি করেন বাদী। তার জবানবন্দি গ্রহণের পর আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আগামী ২১ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, বাদী এর আগে তানজিন নাহার তিশার বিরুদ্ধে দুটি পৃথক মামলা করেন। এর জেরে প্রতিহিংসার বশবর্তী হয়ে গত ২৭ অক্টোবর অভিনেত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বাদীর ছবি প্রকাশ এবং আপত্তিকর ও বিভ্রান্তিকর তথ্য ছড়ান। এমনকি বাদীর অনুমতি ছাড়া অন্য এক নারীকে চুম্বনের একটি ছবিও প্রকাশ করা হয়। পাশাপাশি দুই নাবালক শিশুর ছবিও প্রকাশের অভিযোগ আনা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ২০২৫ সালের ৭ নভেম্বর ফেসবুক মেসেঞ্জারে কল করে বাদীকে ছবি প্রকাশ করে ভাইরাল করার হুমকি দিয়েছিলেন তিশা। পরবর্তী সময়ে ২৮ অক্টোবর আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠিয়ে দুই দিনের মধ্যে আপত্তিকর ছবি ও তথ্য সরানোর অনুরোধ জানানো হলেও তা করা হয়নি। বরং বাদীকে নিয়ে কটূক্তি ও আরও ছবি প্রকাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ ঘটনায় মানহানি ও ব্যক্তিগত ছবি অনুমতি ছাড়া প্রকাশের অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হয়েছেন সানায়া আনাম ওয়াফিকা চৌধুরী। তিনি জানান, মামলায় তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করা হয়েছিল।
এনএনবাংলা/
