মক্কা থেকে ‘বিয়ের’ খবর দিলেন অভিনেত্রী নাজনীন নীহা!

ছোট পর্দার পরিচিত মুখ নাজনীন নাহার নীহা জীবনের নতুন এক অধ্যায় শুরু করার ইঙ্গিত দিলেন পবিত্র কাবার সামনে দাঁড়িয়ে। আজ রবিবার (৮ নভেম্বর, ২০২৬) সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি বিশেষ ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে এই আনন্দঘন মুহূর্তটি ভাগ করে নিয়েছেন তিনি।
ছবি দুটিতে দেখা যায়, মক্কার মসজিদুল হারামে পবিত্র কাবার সামনে এক ব্যক্তি নীহাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন, যেখানে দুজনেরই মুখ কাবার দিকে। অন্য একটি ছবিতে কাবার পটভূমিতে তাদের একে অপরের হাত শক্ত করে ধরে থাকতে দেখা যায়।
ছবির ক্যাপশনে রহস্যের খোলস ছেড়ে জীবনের এই বিশেষ সত্যটি প্রকাশ করে নীহা লিখেছেন,
“যে অধ্যায়টি আমরা এত দিন ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম, এবার সেই সুন্দর যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে চাইছি। আলহামদুলিল্লাহ! আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং তার পবিত্র ঘরে একসঙ্গে আসার সৌভাগ্য দান করেছেন, তার জন্য অশেষ শুকরিয়া।”
তিনি আরও প্রার্থনা করে লেখেন, “আমাদের এই বন্ধন সবসময় আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ থাকুক।” তার এই আবেগঘন পোস্টের পর থেকেই অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছার বন্যায় ভাসছেন তিনি। অনেকে একে তার বিয়ের চূড়ান্ত ঘোষণা হিসেবেই ধরে নিয়েছেন।
এর আগে গত জুন মাসে ফেসবুকে ‘রিলেশনশিপ স্ট্যাটাস’ বদলে সিঙ্গেল থেকে সম্পর্কে জড়ানোর খবর দিয়েছিলেন নীহা। তবে তখন সেই সম্পর্ক প্রেম, বাগদান নাকি বিয়ে—সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। সে সময় মিডিয়াপাড়ায় জোর গুঞ্জন ওঠে, এক পাকিস্তানি যুবকের সঙ্গে মন দেওয়া-নেওয়া হয়েছে এই অভিনেত্রীর। এবার বিয়ের প্রকাশ্য ইঙ্গিত দিলেও জীবনসঙ্গীর নাম বা পরিচয় পুরোপুরি গোপন রেখেছেন নীহা। এই রহস্যময় পাত্রের পরিচয় জানতে ভক্তদের আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে।
এনএনবাংলা/ইএস
