সাম্প্রতিক
Skip to content

সামিরা খান মাহি হলেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬

দেশের অন্যতম সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্স বাংলাদেশ-এর নতুন আসরে সেরার মুকুট অর্জন করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তার নাম বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।

প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে গত বছরের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ বিজয়ী তানজিয়া জামান মিথিলা শোবিজের পরিচিত মুখ সামিরা খান মাহিকে আনুষ্ঠানিকভাবে এই মুকুট পরিয়ে দেন।

অনুষ্ঠানে মাহির পরনে ছিল শ্যাম্পেন-গোল্ড রঙের ঝলমলে মারমেইড গাউন। অফ-শোল্ডার পোশাকটিতে ছিল ভারী পাথরের কাজ। অন্যদিকে বিদায়ী বিজয়ী তানজিয়া জামান মিথিলার পরনে ছিল হালকা নীল ও সিলভার রঙের গাউন, যার কাঁধের নকশা ছিল পাখার মতো। বিজয়ী ঘোষণার সময় মঞ্চে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জাও।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১১ নভেম্বর থেকে আটলান্টিক মহাসাগরের তীরবর্তী পুয়ের্তো রিকোতে শুরু হতে যাওয়া ৭৫তম ‘মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামিরা খান মাহি।

অনুষ্ঠানে ফ্লোরা টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মিস ইউনিভার্স বাংলাদেশের জাতীয় পরিচালক মুস্তাফা রফিকুল ইসলাম ডিউক। আরও ছিলেন, চিত্রনায়িকা দীঘি, নির্মাতা মেহেদী হাসান হৃদয়সহ একাধিক মডেল ও কোরিওগ্রাফার।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহি বলেন,“বাবা মা আমাকে বলেছে ‘যাও, বিশ্ব জয় করে আসো।’ সবার কাছে দোয়া চাই, যেন আমি বিশ্ব জয় করে ফিরতে পারি। বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি। আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে।”

উল্লেখ্য, ২০২৫ সালে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২২টি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করে তিনি সেরা ৩০-এ জায়গা করে নেন। মিস ইউনিভার্সের আসরে এটিই ছিল বাংলাদেশের প্রথম প্লেসমেন্ট অর্জন। পাশাপাশি পিপলস চয়েস বিভাগেও শীর্ষস্থান অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে আনেন তিনি।

এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন সামিরা খান মাহি।

এনএনবাংলা/এফএস