সাম্প্রতিক
Skip to content

চট্টগ্রামের ফ্যাশন শো-তে দেখা যাবে না পরীমনিকে

ছবিঃ সংগৃহীত

ঢাকা আদালত চত্বরে এক গণমাধ্যমকর্মীর সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে চট্টগ্রামের ‘ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানের অতিথি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে চিত্রনায়িকা পরীমনিকে। সাংবাদিকদের তীব্র প্রতিবাদ ও বয়কটের হুমকির মুখে আয়োজক কমিটি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। শনিবার (৭ নভেম্বর) আয়োজকদের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে অনুষ্ঠানের নতুন পোস্টার প্রকাশ করা হয়েছে।

অনুষ্ঠানের মিডিয়া কো-অর্ডিনেটর খালেদ সুমন জানান, সম্প্রতি ঢাকার আদালতে এক সাংবাদিকের সাথে পরীমনির অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটার আগেই তার সাথে চুক্তি সম্পন্ন হয়েছিল। তবে চট্টগ্রামের গণমাধ্যমকর্মীদের ক্ষোভ ও দাবির প্রতি সম্মান জানিয়ে তাকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়া হয়েছে এবং বিষয়টি ইতিমধ্যেই নায়িকাকে জানিয়ে দেওয়া হয়েছে।

এর আগে, গত শুক্রবার (৬ নভেম্বর) পরীমনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে ওই অনুষ্ঠানের পোস্টার শেয়ার করে লিখেছিলেন, “দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।” এর পরপরই চট্টগ্রামের সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান। চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক কার্যনির্বাহী সদস্য ফারুক মুনির এক পোস্টে উল্লেখ করেন, ভুক্তভোগী সাংবাদিক ও তার মায়ের কাছে পরীমনি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত আয়োজকদের বিকল্প অতিথি খোঁজা উচিত। অন্যথায় চট্টগ্রামের একাধিক সাংবাদিক সংগঠন অনুষ্ঠানটি বয়কট ও প্রতিহত করার ঘোষণা দেয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে এক সাংবাদিকের সাথে পরীমনির বাগ্বিতণ্ডা হয়। সাংবাদিকের দাবি, পরীমনি তার ফোন কেড়ে নেন এবং ট্রাইপড ভেঙে ফেলেন। অন্যদিকে, পরীমনি ও তার দেহরক্ষীদের অভিযোগ ছিল, ওই সাংবাদিক তার গায়ে হাত তুলেছিলেন।

আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামের খুলশী এলাকার একটি কমিউনিটি সেন্টারে এই ফ্যাশন শো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আয়োজকেরা জানিয়েছেন, পরীমনির পরিবর্তে অভিনেত্রী অপু বিশ্বাস কিংবা বুবলিকে অতিথি হিসেবে আনার কথা ভাবা হচ্ছে, তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

এনএনবাংলা/ইএস