সাম্প্রতিক
Skip to content

সুন্দরবনে জলদস্যুদের হানা, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে

ফাইল ছবি

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন এলাকা থেকে মুক্তিপণের দাবিতে ১০ জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের আমির আলী ও দাতিনাখালী গ্রামের আলম সানার নেতৃত্বাধীন দুটি বাহিনীর পরিচয়ে এসব জেলেকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেছেন তাঁদের স্বজন ও ফিরে আসা জেলেরা।

৬ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যা থেকে ৮ নভেম্বর (রোববার) সকাল পর্যন্ত সুন্দরবনের নোটাবেঁকী, আগুনজ্বালা, জলঢাকা, চালতেবাড়িয়া ও রায়মঙ্গল নদী এলাকায় পৃথক ঘটনায় এসব অপহরণের ঘটনা ঘটে।

অপহৃত জেলেরা হলেন—শ্যামনগর উপজেলার ডুমুরিয়া গ্রামের রুবেল, ইমরান ও খোরশেদ, ছোটভেটখালীর নুরুজ্জামান, কালিঞ্চি গ্রামের সিদ্দিক গাজী ও জহুর আলী, সিংহড়তলীর সুরাত আলী এবং কয়রা উপজেলার মোমিন মোড়ল, দিদারুল ও ইমরান।

স্বজন ও ফিরে আসা জেলেদের ভাষ্য অনুযায়ী, প্রতিটি নৌকায় তিনজন করে জেলে অবস্থান করছিলেন। এ সময় অপহরণকারীরা প্রতিটি নৌকা থেকে একজন করে জেলেকে তুলে নিয়ে যায়। অপহৃত নয় জেলের মুক্তির জন্য মাথাপিছু এক লাখ টাকা করে দাবি করা হয়েছে। অপর জেলে সুরাত আলীর মুক্তির জন্য তুলনামূলক কম অর্থ চাওয়া হলেও এর নির্দিষ্ট পরিমাণ জানা যায়নি।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শাহিনুর ইসলাম জানান, জেলেদের কাছ থেকে অপহরণের খবর পাওয়ার পর বন বিভাগের টহল দল অভিযান শুরু করেছে। তবে বিশাল বনাঞ্চলে জলদস্যু দমনে এককভাবে বন বিভাগের পক্ষেে অভিযান পরিচালনা করা কঠিন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম জানান, মুক্তিপণের টাকা আদায়ের জন্য ব্যবহৃত মোবাইল নম্বরের মালিককে শনাক্ত করার কাজ চলছে। এ ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

এনএনবাংলা/