সুন্দরবনে নিখোঁজের ৩৫ ঘণ্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার
সুন্দরবনে নিখোঁজ হওয়ার ৩৫ ঘণ্টা পর এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছেন বন বিভাগ ও কোস্ট গার্ডের সদস্যরা। প্রবল ঢেউয়ে ভেসে যাওয়ার পর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।
শনিবার (৭ নভেম্বর) রাতে বাগেরহাটের শরণখোলা উপজেলার দুবলার চরের আলোরকোল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রিয়াজ আহমেদ (২৮) ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার কাঠালী পশ্চিমপাড়ার আবুল বাশার ঢালীর ছেলে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, রাত ১১টার দিকে জেলেরা টানার মাথা খালের কাছে মরদেহটি ভাসতে দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। রিয়াজ যে স্থান থেকে নিখোঁজ হয়েছিলেন, সেখান থেকে খালটির দূরত্ব প্রায় দেড় কিলোমিটার।
রিয়াজ ১৯ জন পর্যটকের একটি দলের সদস্য হিসেবে সুন্দরবন ভ্রমণে গিয়েছিলেন। গত ৫ নভেম্বর তাদের নিয়ে পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশন থেকে ‘ইকো ট্যুরিজম-২’ নামের একটি ট্রলার যাত্রা শুরু করে।
৬ নভেম্বর দুপুরের দিকে ট্রলারটি পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলোরকোলের কাছে নতুন জেগে ওঠা একটি চরে আটকে যায়। এ সময় ট্রলারটি সরাতে কয়েকজন জেলে ও চার পর্যটক পানিতে নামেন। এ সময় প্রবল ঢেউয়ে রিয়াজ ভেসে যান।
আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মরদেহটি শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এসিএফ।
এনএনবাংলা/এফএস
