সাম্প্রতিক
Skip to content

ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, আসতে পারে ৬টি শৈত্যপ্রবাহ

ছবিঃ সংগৃহীত

ভোরের হালকা কুয়াশা আর ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। হেমন্তের এই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে শীতল হাওয়ার পরশ লাগলেও রাজধানী ঢাকায় এখনো পুরোপুরি শীত নামেনি। তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আগামী ডিসেম্বর মাস থেকে সারা দেশে শীতের তীব্রতা বাড়তে শুরু করবে। আসন্ন শীত মৌসুমে দেশের ওপর দিয়ে চার থেকে ছয়টি মৃদু ও মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ভৌগোলিক অবস্থানের কারণে দেশের উত্তরাঞ্চলে শীতের আমেজ ইতিমধ্যে বেশ অনুভূত হচ্ছে। বিপরীতে ইট-পাথরের নগরী ঢাকায় শীতের অনুভূতি এখনো রাতের দিকেই সীমাবদ্ধ। দিনের বেলা রোদের তেজ কিছুটা কমলেও তাপমাত্রা তুলনামূলক বেশি থাকছে। বুধবার (১১ নভেম্বর) ভোর সাড়ে ৬টায় রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। আজ ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

এদিকে, দক্ষিণ বঙ্গোপসাগরে একটি মৌসুমি লঘুচাপ সক্রিয় থাকায় দেশের আবহাওয়ায় কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। ঢাকাসহ কয়েকটি বিভাগের আকাশ মেঘলা রয়েছে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টিও হচ্ছে। আবহাওয়াবিদদের মতে, এই লঘুচাপের প্রভাবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং দেশের বাকি ছয় বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন, বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে চলতি বছর শীতের অনুভূতি অন্য বছরের তুলনায় কিছুটা কম বা তাপমাত্রা সামান্য বেশি থাকতে পারে। তবে ডিসেম্বরের শুরু থেকেই তাপমাত্রা দ্রুত কমতে শুরু করবে এবং শৈত্যপ্রবাহের প্রভাবে শীত জেঁকে বসবে।

এনএনবাংলা/ইএস