দেশে ফিরলেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে : চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেই তার সাজা কার্যকর করা হবে।
সাজার বিরুদ্ধে কোনো আপিল না করায় আইন অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি। একই সাথে, দণ্ডিত হওয়ায় দেশের প্রচলিত আইন অনুযায়ী শেখ হাসিনার নতুন করে পাসপোর্ট পাওয়ারও আর কোনো সুযোগ নেই।আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, “যেহেতু সাজার বিরুদ্ধে কোনো আপিল করা হয়নি, তাই শেখ হাসিনা দেশে পা রাখামাত্রই তার মৃত্যুদণ্ড কার্যকর করার আইনি বাধ্যবাধকতা রয়েছে।”
শেখ হাসিনার পাসপোর্ট ইস্যু ও বাতিলের আইনি ব্যাখ্যা দিয়ে মো. আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশে পাসপোর্ট ইস্যুর বিষয়টি ‘বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩’ অনুযায়ী নিয়ন্ত্রিত হয়। এই আইনের আর্টিকেল ৬ এবং ৭ এ বিষয়ে অত্যন্ত স্পষ্ট। আর্টিকেল ৬ অনুযায়ী, কোনো ব্যক্তি যদি সর্বনিম্ন ২ বছরের জন্য দণ্ডিত হন এবং দণ্ড পাওয়ার ৫ বছরের মধ্যে পাসপোর্ট আবেদন করেন, তবে পাসপোর্ট কর্তৃপক্ষ তাকে পাসপোর্ট ইস্যু করতে পারবে না।
তিনি আরও যোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কর্তৃক মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত, যা একটি বড় ধরনের নৈতিক স্খলনজনিত অপরাধ। ‘বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩’-এর আর্টিকেল ৭ অনুযায়ী নৈতিক স্খলনের কারণে যেকোনো দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট জব্দ বা বাতিল করা যেতে পারে।
চিফ প্রসিকিউটর স্পষ্ট করে বলেন, “যেহেতু শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত এবং সঙ্গত কারণেই বাংলাদেশ সরকার ইতিমধ্যে তার পাসপোর্ট বাতিল করেছে, তাই পাসপোর্ট আইনের ৬ (এ, বি, সি, ই) ধারাগুলো একত্রে বিবেচনা করলে দেখা যায়, বর্তমানে পাসপোর্ট কর্তৃপক্ষের আর কোনো এখতিয়ার নেই একজন দণ্ডিত ব্যক্তিকে নতুন করে পাসপোর্ট ইস্যু করার।”
এনএনবাংলা/ইএস
