শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী

শ্রমিকদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। হাসপাতালগুলো শুধু শ্রমিকদের চিকিৎসার জন্য নির্ধারিত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংসদ সদস্য শিমুল বিশ্বাসের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ পরিকল্পনার কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের জন্য টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে একটি করে মোট ছয়টি হাসপাতাল নির্মাণ করা হবে। প্রতিটি হাসপাতাল হবে ১০০ শয্যাবিশিষ্ট। হাসপাতালগুলো যে শুধু শ্রমিকদের জন্য, সেটি নিশ্চিত করেই নামকরণ ও নির্মাণ করা হবে।
এ সময় দেশের স্বাস্থ্য ও শিল্প খাতের অতীত পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এক যুগেরও বেশি সময়ের স্বৈরাচারী শাসনামলে জ্বালানি খাতকে বিদেশমুখী করা হয়েছে। দেশের খনিজ সম্পদ জাতীয় স্বার্থে কাজে লাগানোর পরিবর্তে আমদানিনির্ভরতা বাড়ানো হয়েছে। শিল্পের বিকাশে প্রয়োজনীয় নীতি গ্রহণ না করায় এ খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।
তারেক রহমান আরও বলেন, একইভাবে ওই সময়ে দেশের চিকিৎসাব্যবস্থাও পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। গণতান্ত্রিক সময়ে স্বাস্থ্য খাতের যে অবস্থা ছিল, স্বৈরাচারী শাসনামলে তা ক্রমেই দুর্বল হয়ে পড়ে। এর ফলে দেশের মানুষকে চিকিৎসার জন্য বিশেষ একটি দেশে যেতে বাধ্য করা হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, শ্রমিকদের জন্য পৃথক হাসপাতাল নির্মাণের উদ্যোগের মাধ্যমে তাদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এনএনবাংলা/
