সাম্প্রতিক
Skip to content

জেদ্দায় হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ

সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে চার দিনব্যাপী ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’। এতে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। সম্মেলনে বিশ্বের প্রায় ১২০টি দেশের ধর্মমন্ত্রী ও সরকারি প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্মেলন ও প্রদর্শনীর উদ্বোধন করেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন মিশাল বিন আব্দুল আজিজ। সোমবার (৯ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং ভিশন ২০৩০-এর পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) উপস্থিত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ, ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, বাংলাদেশের বেসরকারি হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অফ হাবের প্রেসিডেন্ট গোলাম সারোয়ার, ও মহাসচি ফরিদ আহমেদ মজুমদারসহ বিশ্বের প্রায় ১২০টি দেশের ধর্মমন্ত্রী ও সংশ্লিষ্ট সরকারের প্রতিনিধি।

হজ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, স্মার্ট সমাধান এবং হাজিদের সেবার মানোন্নয়নে এবারের প্রদর্শনীতে ৩২৫টিরও বেশি আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

আজ সোমবার সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। এ লক্ষ্যে দুই দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ।

এ চুক্তির মাধ্যমে আগামী হজের সার্বিক ব্যবস্থাপনা ও দুই দেশের সংশ্লিষ্ট কার্যক্রমের বিষয়ে আনুষ্ঠানিক সমঝোতা সম্পন্ন হবে।

এনএনবাংলা/এফএস