সাম্প্রতিক
Skip to content

পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি

উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের অনুভূতি বাড়ছে। ভোর ও রাতে হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি। তবে দিনের চিত্র ভিন্ন। সূর্য ওঠার পর তীব্র রোদে বাড়ছে গরমের দাপট। ফলে একই দিনে সকাল-রাতের ঠান্ডা আর দুপুরের গরমে ভিন্নধর্মী আবহাওয়ার মুখোমুখি হচ্ছেন জেলার মানুষ।

আজ সোমবার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। গতকাল রোববার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।

এরআগে, গতকাল রোববার একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ,একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ১ দশমিক ৫ডিগ্রি।

অন্যদিকে, রোববার জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ডিগ্রি সেলসিয়াস। ফলে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য বেশ স্পষ্ট হয়ে ওঠেছে।

শীতের মৌসুম এখনো পুরোপুরি শুরু না হলেও ক্রমশ তাপমাত্রা হ্রাসে পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা স্পষ্ট হয়ে ওঠছে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের অনুভূতি থাকলেও দিনের বেলায় রোদের উষ্ণতায় আবহাওয়া থাকছে অনেকটাই স্বাভাবিক।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকেই ঠান্ডার অনুভূতি বাড়তে থাকে। রাত যত গভীর হয়,শীতের অনুভূতিও বাড়ে। ভোর পর্যন্ত কুয়াশা দেখা যায়। এ সময় অনেকে শীতের পোশাক গায়ে জড়াচ্ছেন। তবে দিনের বেলায় রোদের কারণে শীতের অনুভূতি অনেকটাই কমে যাচ্ছে।

এনএনবাংলা/এফএস