কারাগারে কুরআন ও বাইবেল পড়ে সময় কাটাচ্ছেন মাদুরো

যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের একটি কারাগারে বন্দি ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ধর্মীয় ও দার্শনিক বই পড়ে সময় কাটাচ্ছেন। কারাগারের ভেতরের পরিস্থিতি ও তার অভিজ্ঞতা সম্পর্কে ওয়াকিবহাল কয়েকজন ব্যক্তি নিউইয়র্ক টাইমসকে এ তথ্য জানিয়েছেন।
আধ্যাত্মিকতার প্রতি দীর্ঘদিনের আগ্রহ রয়েছে মাদুরোর। এর অংশ হিসেবে কারারক্ষী বা চ্যাপলেইনদের পাশাপাশি একজন খ্রিষ্টান যাজক ও একজন ইহুদি রাব্বির সঙ্গেও দেখা করেছেন তিনি।
মাদুরো এর আগে জনসমক্ষে নিজের ইহুদি বংশপরিচয়ের কথা বলেছিলেন। তিনি নিজেকে গত শতাব্দীর কোনও এক সময়ে ডাচ অ্যান্টিলিস থেকে ভেনেজুয়েলায় অভিবাসী হওয়া সেফার্ডিক ইহুদি সম্প্রদায়ের একজন বংশধর হিসেবে বর্ণনা করেছিলেন। তবে মাদুরোর ঘনিষ্ঠ ব্যক্তিরা জানিয়েছেন, গ্রেপ্তারের আগে ইহুদি ধর্মের প্রতি কোনো আগ্রহ প্রকাশ করেননি তিনি।
ভেনেজুয়েলায় দ্রুত বর্ধনশীল ইভাঞ্জেলিক্যাল খ্রিষ্টান জনগোষ্ঠীর ভোট পাওয়ার চেষ্টা করেছিলেন মাদুরো। সেজন্য একসময় একজন ক্যাথলিক ধর্মগুরুর সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়ে তুলেছিলেন তিনি। এ ছাড়া মাদুরো, তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে তার উত্তরসূরি দেলসি রদ্রিগেজ ভারতের প্রয়াত রহস্যবাদী গুরু সত্য সাই বাবার অনুসারী ছিলেন।
ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি থাকা অবস্থায় আধ্যাত্মিক বিষয়ের প্রতি মাদুরোর আগ্রহ আরও গভীর হয়েছে। কারাগারটিতে প্রায় ১ হাজার ৩০০ বন্দি রয়েছে। কারাগারের যে ব্লকে তাকে রাখা হয়েছে সেখানে সিয়ান কমস, স্যাম ব্যাংকম্যান-ফ্রিড এবং লুইজি মানজিওনের মতো বেশ কয়েকজন হাই-প্রোফাইল বন্দি ছিলেন। মাদুরোর কারাগারের পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল ব্যক্তিরা জানিয়েছেন, মাদুরো তাঁর বেশিরভাগ সময় কুরআন ও বাইবেলসহ বিভিন্ন বই পড়ে কাটাচ্ছেন।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে হাজার হাজার টন কোকেন পাচারে সহযোগিতাসহ অন্যান্য অভিযোগে আগামী বছর মাদুরোর বিরুদ্ধে বিচার শুরু হওয়ার কথা রয়েছে। তার স্ত্রী ফ্লোরেসের বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে।
এনএনবাংলা/এনজেড
