হরমুজ প্রণালিতে ২ তেলবাহী জাহাজে আ’গুন, ২টি ড্রোন জব্দের দাবি ইরানের

হরমুজ প্রণালি দিয়ে অনুমোদনহীন পথে চলার সময় দুটি তেলবাহী জাহাজ ও একটি টাগবোটে আগুন লাগার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সাথে, মার্কিন বাহিনীর দুটি অত্যাধুনিক এলইউসিএএস (LUCAS) ড্রোন অক্ষত অবস্থায় নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবিও করেছে সংস্থাটি।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত আইআরজিসির একটি বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
বিবৃতিতে আইআরজিসি জানায়, গত রাতে হরমুজ প্রণালির দক্ষিণ দিক দিয়ে চলাচলের সময় একটি বড় তেলবাহী জাহাজ মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় এবং এতে জাহাজটিতে আগুন ধরে যায়। এর কিছু সময় পর, প্রণালির পূর্ব অংশ দিয়ে বের হওয়ার চেষ্টাকালে দ্বিতীয় একটি সুপারট্যাংকারেও আগুন লাগার ঘটনা ঘটে। পরবর্তীতে ওই জাহাজের আগুন নেভাতে পাঠানো একটি টাগবোটও অগ্নিকাণ্ডের শিকার হয় বলে দাবি করেছে ইরান।
জাহাজে অগ্নিকাণ্ডের পাশাপাশি যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন জব্দের দাবিও করেছে আইআরজিসি। তাদের নৌবাহিনীর ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট মার্কিন ড্রোন দুটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং সেগুলোকে নিরাপদে অবতরণ করাতে বাধ্য করে। ড্রোন দুটিকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় জব্দ করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছে আইআরজিসি। তারা দাবি করেছে, মাইন পাতা জলপথ দিয়ে জোরপূর্বক জাহাজ চলাচলের চেষ্টা করার কারণে মার্কিন করদাতা এবং তাদের আঞ্চলিক মিত্রদের বিপুল আর্থিক ক্ষতি ও বিমা ব্যয়ের বোঝা বহন করতে হচ্ছে।
এই ঘটনার বিষয়ে ওয়াশিংটন বা আন্তর্জাতিক কোনো সংস্থার পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।
এনএনবাংলা/ইএস
