মরিশাসে কাচের ভারী বাক্স চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মরিশাসে কর্মস্থলে কাচের প্যানেলভর্তি ভারী বাক্সের নিচে চাপা পড়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৫ নভেম্বর) বিকেলে দেশটির উত্তরাঞ্চলের প্লেইন-দে-পাপাইয়েস এলাকার মসজিদ রোডে একটি প্রতিষ্ঠানের চত্বরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) ও সিকদার জুবায়েদ ইসলাম (২৫)।
মরিশাসের সংবাদমাধ্যম ‘ল্য ডেফি মিডিয়া’ ও ‘ল্য মরিসিয়েন’-এর প্রতিবেদন অনুযায়ী, কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি একটি ভারী বাক্স নামানোর সময় সেটি হঠাৎ শ্রমিকদের ওপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বাক্সটিতে ৪১টি কাচের পাত ছিল। প্রতিটি পাতের আকার ছিল ৬ ফুট বাই ৮ ফুট। ভারী বাক্সটির নিচে চাপা পড়ে তিন শ্রমিকের কেউই বাঁচতে পারেননি।
খবর পেয়ে পুলিশ ও মরিশাস ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালান। পরে মরদেহগুলো উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। কর্মস্থলে নিরাপত্তাবিধি মানা হয়েছিল কি না, ভারী পণ্য ওঠানো-নামানোর যথাযথ সরঞ্জাম ব্যবহার করা হয়েছিল কি না এবং শ্রমিকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও তদারকি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকেও তদন্ত হওয়ার কথা রয়েছে।
তবে নিহত তিন শ্রমিকের মরদেহ দেশে পাঠানো ও পরিবারের কাছে হস্তান্তরের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
এনএনবাংলা/
