সাম্প্রতিক
Skip to content

ট্রাম্পের দলের ভরাডুবি, কমল ডলার ও তেলের দাম

ছবি: নিউ নেশন অনলাইন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের প্রভাব পড়েছে বৈশ্বিক আর্থিক বাজারে। নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারানোর পর বুধবার অন্যান্য প্রধান মুদ্রার বিপরীতে ডলারের দর কমেছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।

নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। এর ফলে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিয়ে আইন প্রণয়ন আটকে দেওয়া, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্ত শুরু এবং বিচার বিভাগ ও সরকারের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ বাধাগ্রস্ত করার ক্ষমতা পেয়েছে দলটি।

বিনিয়োগকারীদের মধ্যে এ নির্বাচনের ফলাফল আর্থিক বাজারে কী ধরনের প্রভাব ফেলবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিনিয়োগ প্ল্যাটফর্ম এজে বেলের পরিচালক (বিনিয়োগ) রাস মোল্ডের মতে, ডেমোক্র্যাটদের জয়ের পর বাজারে কী ধরনের পরিবর্তন আসতে পারে, তা বোঝার চেষ্টা করছেন বিনিয়োগকারীরা। পাশাপাশি আগামী কয়েক মাসে ট্রাম্প কী পদক্ষেপ নেবেন, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

মার্কিন রাজনীতিতে অচলাবস্থা তৈরি হওয়ার আশঙ্কায় অন্যান্য প্রধান মুদ্রার বিপরীতে ডলারের দর কমেছে। বিপরীতে ইউরোর মূল্য ১ দশমিক ১১৯১ থেকে বেড়ে ১ দশমিক ১২৪৩ হয়েছে। একইভাবে পাউন্ডের দাম ১ দশমিক ৩৪১৩ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৩৪৭৫।

এদিকে ডেমোক্র্যাটরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের নিয়ন্ত্রণে বেশি গুরুত্ব দিতে পারে—এমন আশঙ্কায় প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারেও দরপতন হয়েছে। নির্বাচনের আগে এশিয়ার শেয়ারবাজারে মোটামুটি ইতিবাচক লেনদেন হলেও প্রযুক্তি খাতের দুর্বলতায় দিন শেষে টোকিওর শেয়ারবাজার নিম্নমুখী ছিল।

অন্যদিকে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ১ দশমিক ২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ৩৬ ডলারে নেমেছে। যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের বাজারসূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ০ দশমিক ৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ৪২ ডলারে দাঁড়িয়েছে।

এনএনবাংলা/