এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। এসব শিক্ষার্থীর পক্ষ থেকে বিষয়ভিত্তিক মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন এসেছে ইংরেজি বিষয়ে। দ্বিতীয় সর্বোচ্চ আবেদন পড়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তবে ইংরেজি ও আইসিটি বিষয়ে পৃথকভাবে কতটি আবেদন জমা পড়েছে, তা নির্দিষ্ট করে জানাতে পারেননি তিনি।
এর আগে ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণের সময় নির্ধারিত ছিল। তবে কারিগরি ত্রুটির কারণে শনিবার আবেদনের সময় বাড়িয়ে রোববার দুপুর ১২টা পর্যন্ত করা হয়।
গত ৩১ অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।
ফলাফলে দেখা যায়, ইংরেজি ও আইসিটি—এই দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন মোট ৩ লাখ ৮২ হাজার ২১ জন শিক্ষার্থী। এর মধ্যে শুধু ইংরেজিতে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন। অন্যদিকে আইসিটিতে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৪৯৩ জন।
এদিকে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের আবারও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ রয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে তাদের পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন শুরু হয়েছে বৃহস্পতিবার। তবে এখন পর্যন্ত কতজন শিক্ষার্থী আবেদন করেছেন, তা আবেদনের সময় শেষ হওয়ার পর জানা যাবে বলে জানিয়েছেন অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
এনএনবাংলা/
