সাম্প্রতিক
Skip to content

এবার মিরপুরে প্রাইভেট কারে হাতবোমা নিক্ষেপ

ছবি: সংগৃহীত

রাজধানীতে একের পর এক হাতবোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনার মধ্যে এবার মিরপুরে একটি প্রাইভেট কার লক্ষ্য করে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে করে আসা ব্যক্তিরা গাড়িটি লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করলে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রোববার (৮ নভেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটের দিকে মিরপুর ১ নম্বরের সনি হলের সামনে এ ঘটনা ঘটে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সনি হলের সামনে একটি প্রাইভেট কার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। এতে বিস্ফোরণের ঘটনা ঘটে। তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। পরে বিস্তারিত জানাতে পারবেন।

ওসি আরও জানান, মোটরসাইকেলে করে আসা ব্যক্তিরা এ হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

এর আগে আজ সন্ধ্যা থেকে রাজধানীর বিভিন্ন স্থানে একের পর এক বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টা ৪২ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মেট্রোরেল স্টেশনের নিচে, সিনেট ভবনসহ কয়েকটি স্থানে হাতবোমা বিস্ফোরণের খবর পাওয়া যায়।

এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পল্লবী থানা প্রাঙ্গণ এবং মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কার্যালয়ের সামনেও হাতবোমা বিস্ফোরণ ঘটে।

এ ছাড়া সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ভাটারায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক এসব ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।

এনএনবাংলা/