বিল ছাড় নিয়ে বাগবিতণ্ডা, মোহাম্মদপুরে হাসপাতালে ভাঙচুর

রাজধানীর মোহাম্মদপুরে রোগীর চিকিৎসা বিল কমানো নিয়ে বাগবিতণ্ডার জেরে একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুরের অভিযোগ উঠেছে।
আজ বুধবার ভোররাত ১২টার দিকে সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ হামলার ঘটনা ঘটে।হাসপাতালটির কাস্টমার কেয়ার কর্মকর্তা শেখ জাভেদ ইকবাল অভিযোগ করেন, স্থানীয় কয়েকজন যুবক হামলায় জড়িত। হামলাকারীরা হাসপাতালের জিনিসপত্র ভাঙচুরের পাশাপাশি মূল্যবান সামগ্রী নিয়ে গেছেন।
তিনি দাবি করেন, ‘হামলায় হাসপাতালের আনুমানিক ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, ‘এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে।’জড়িতদের শনাক্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে বলে জানান তিনি।
হাসপাতাল সূত্র জানায়, ঠোঁটে আঘাত পাওয়া এক রোগী সেখানে চিকিৎসা নেন। তার চিকিৎসার বিল আসে তিন হাজার টাকা। স্বজনেরা বিল কমানোর অনুরোধ জানান। হাসপাতাল কর্তৃপক্ষ বিলের কিছু অংশ মওকুফ করতেও রাজি হয়। তবে এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়।চিকিৎসা শেষে বিল পরিশোধ করে রোগী চলে যাওয়ার পর কয়েকজন যুবক হাসপাতালে জড়ো হয়ে হামলা চালায়, জানিয়েছে সূত্র।
এনএনবাংলা/ইএস
