সাম্প্রতিক
Skip to content

গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড গঠন করায় সরকারকে ধন্যবাদ, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণার দাবি: এসএসপি

সম্মিলিত শ্রমিক পরিষদ। ছবি: সংগৃহীত

সম্মিলিত শ্রমিক পরিষদ-এসএসপি এর পক্ষে প্রধান সমন্বয়ক মোশারেফ হোসেন মন্টু ও নির্বাহী সমন্বয়ক সোহেল রানা সম্পদ গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধি হিসাবে শ্রমিক নেতা বাবুল আক্তারকে মনোনীত করায়, তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

এক বিবৃতিতে সম্মিলিত শ্রমিক পরিষদ-এসএসপি বলেছে, আমরা আশা করি, সরকার শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসাভাড়া, চিকিৎসা, শিক্ষা এবং পরিবারের মৌলিক চাহিদাগুলো বিবেচনায় নিয়ে একটি বাস্তবসম্মত ও সম্মানজনক ন্যূনতম মজুরি নির্ধারণ করবে।

এসএসপি’র কেন্দ্রীয় সমন্বয় কমিটির পক্ষ থেকে আমাদের সুস্পষ্ট দাবি, গার্মেন্টস শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ত্রিশ হাজার টাকা নির্ধারণ করতে হবে এবং তা দ্রুত ঘোষণা করতে হবে। সন্দেহজনক গ্রেপ্তারকৃত নিরাপরাধ প্রকৃত শ্রমিক নেতৃবৃন্দদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

আন্দোলনরত শ্রমিক ভাইদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়া ও কোনো ধরনের সহিংস কর্মকাণ্ডে জড়িত না হওয়ার আহবান জানানো হয় সংঘঠনটির পক্ষ থেকে।

এসএসপি বিবৃতিতে আরও বলেছে, শ্রমিকের ন্যায্য মজুরি কোনো দয়া বা অনুদান নয়; এটি শ্রমিকের অধিকার। শ্রমিকের জীবনমানের উন্নয়ন ছাড়া শিল্পের টেকসই উন্নয়ন সম্ভব নয়। আমরা চাই, মজুরি বোর্ডে শ্রমিকদের প্রকৃত ও কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত হোক এবং সরকার, মালিক ও শ্রমিক সব পক্ষের যৌক্তিক বক্তব্য বিবেচনায় নিয়ে দ্রুততম সময়ে ন্যায্য মজুরি ঘোষণা করা হোক।

এনএনবাংলা/