খুলেছে মেট্রোর বন্ধ স্টেশন, সড়কেও যান চলাচল স্বাভাবিক

রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া মেট্রোরেল স্টেশনগুলো আবার খুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে মিরপুর এলাকায় সড়কে যান চলাচলও স্বাভাবিক হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, বর্তমানে সব মেট্রো স্টেশন খোলা রয়েছে এবং ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
রোববার (১ নভেম্বর) দুপুরে এমআরটি পুলিশ কন্ট্রোলরুম ও ডিএমটিসিএল সূত্রে এসব তথ্য জানা গেছে।
এর আগে শ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের কারণে দুপুরে মিরপুরের পল্লবী, মিরপুর-১১ ও মিরপুর-১০ স্টেশন বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া শেওড়াপাড়া ও কাজীপাড়া স্টেশনও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রোববার সকাল ৯টার দিকে বিভিন্ন পোশাক কারখানার কয়েক শ শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এতে মিরপুর এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। সকাল ১১টার দিকে মিরপুর-১০ এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ সময় শ্রমিকদেরও ইট-পাটকেল ছুড়তে দেখা যায়। প্রায় ৪০ মিনিট সংঘর্ষ চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম দুপুরে গণমাধ্যমকে বলেন, জনভোগান্তি কমাতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হয়েছে। এ সময় সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হলেও লাঠিচার্জ করা হয়নি। কাউকে আটক করা হয়নি এবং পুলিশের কোনো সদস্য আহত হননি বলেও জানান তিনি।
অন্যদিকে, মিরপুর থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই হাফিজুল ইসলাম জানান, বর্তমানে এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
সংঘর্ষের পর মিরপুর এলাকায় যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। সর্বশেষ খবর অনুযায়ী, সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং মেট্রোরেলও নিয়মিত চলাচল করছে।
এনএনবাংলা/
