সাম্প্রতিক
Skip to content

পোস্তগোলায় ট্রাকের চাপায় ২ অটোরিকশাচালক নি’হত

রাজধানীর কদমতলীর পোস্তগোলায় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি অটোরিকশাকে চাপা দিয়ে ফুটপাতে উঠে গেছে একটি ট্রাক। এ ঘটনায় ২ অটোরিকশাচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. জাহাঙ্গীর পোদ্দার (৪০) ও মো. জাকির হোসেন (৫০)। তারা দুজনই অটোরিকশাচালক।

ঘটনার সময় তাঁরা যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি বেপরোয়া গতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা দুটি অটোরিকশাকে চাপা দিয়ে ফুটপাতে উঠে যায়। এতে চালকসহ তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে ভোর ৪টা ২৫ মিনিটে চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় জাকিরও মারা যান।

নিহত জাহাঙ্গীরের সহকর্মী হৃদয় জানান, জাহাঙ্গীর ও জাকির যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রাকটি তাঁদের চাপা দেয়। নিহত জাকির হোসেনের বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় এবং তাঁর বাবার নাম জিন্নাত আলী। তিনি রাজধানীর কদমতলীর মোহাম্মদবাগের পাকার মাথায় থাকতেন। অন্যদিকে, জাহাঙ্গীর পোদ্দারের বাড়ি পটুয়াখালী সদর উপজেলায় এবং তাঁর বাবার নাম শাহআলম পোদ্দার। তিনি রাজধানীর নামা শ্যামপুর এলাকায় বসবাস করতেন।

এসআই মো. জামাল হোসেন জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এনএনবাংলা/এফএস