ঢাকায় আওয়ামী লীগের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, আটক ৩
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে আজ বৃহস্পতিবার ভোরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও ছাত্রলীগের একটি মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের টহল গাড়ি্কে লক্ষ্য করে এই ককটেল ছোঁড়া হয়। এতে মো. এনামুল নামে এক পুলিশ কনস্টেবল (গাড়িচালক) বাম চোখে গুরুতর আঘাত পেয়ে আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে তিনজনকে আটক এবং একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বনানীর দিক থেকে আনুমানিক ৭০-৮০টি মোটরসাইকেলের একটি বড় বহর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিল। বহরটি বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও আর্মি গলফ ক্লাবের সামনে পৌঁছামাত্র পুলিশকে লক্ষ্য করে ককটেল মারে। ককটেলটি বিস্ফোরিত হয়ে টহল গাড়ির চালক কনস্টেবল এনামুল আহত হন। তখন পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে আটক করে।
ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল মিছিল থেকে এই হামলাটি চালিয়েছে। আহত পুলিশ সদস্যকে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে আগারগাঁওয়ের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক খুদে বার্তায় জানিয়েছে, ভোরবেলা হঠাৎ বের করা এই মিছিল থেকে নাশকতার চেষ্টা করা হয়েছিল। তবে পুলিশের তাত্ক্ষণিক তত্পরতায় ৩ জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে হামলায় জড়িত বাকি মোটরসাইকেল আরোহীদের শনাক্ত ও গ্রেপ্তারে জোরদার অভিযান চলছে।
এনএনবাংলা/ইএস
