সাম্প্রতিক
Skip to content

ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের সিদ্ধান্ত

ছবিঃ সংগৃহীত

দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি আগামী ডিসেম্বরের মধ্যেই নির্ধারণ করা হবে। আজ বুধবার (৪ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান অসন্তোষ ও আন্দোলনের মুখে গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে তৈরি পোশাকশিল্পের জন্য পৃথক এই মজুরি বোর্ড গঠন করে সরকার।

এদিকে বোর্ড গঠনের তিন দিনের মাথায় আজই এর চেয়ারম্যান পদে পরিবর্তন আনা হয়েছে। পূর্বতন চেয়ারম্যান শেখ আশফাকুর রহমানের পরিবর্তে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। আজ রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের প্রথম সভাটি অনুষ্ঠিত হয়। শ্রম আইন অনুযায়ী, সংশ্লিষ্ট শিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা এই বোর্ডের সাথে কাজ করছেন।

আইনের ১৩৯ ধারা অনুযায়ী, মালিকপক্ষ, শ্রমিকপক্ষ অথবা উভয় পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার কোনো শিল্পের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি নির্ধারণের উদ্যোগ নিতে পারে। পোশাক খাতের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সম্প্রতি শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল, যার ৩ বছরের মেয়াদ আগামী মাসেই শেষ হতে যাচ্ছে।

অন্যদিকে, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে বেশ কয়েক দিন ধরে রাজধানীসহ আশপাশের বিভিন্ন শিল্প এলাকায় আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। আজ বুধবারও ঢাকা, সাভার, মিরপুর ও গাজীপুরের কয়েকটি এলাকায় সড়ক অবরোধকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

মজুরি বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের অর্থনীতি ও পোশাকশিল্পের স্থিতিশীলতা রক্ষায় এবং শ্রমিকদের অসন্তোষ নিরসনে দ্রুততম সময়ের মধ্যে সব পক্ষের জন্য গ্রহণযোগ্য একটি যৌক্তিক মজুরি কাঠামো ঘোষণা করা হবে।

এনএনবাংলা/ইএস