১৮ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা, আসন কমেছে সরকারি-বেসরকারিতে

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
পূর্বে প্রাথমিকভাবে ৪ ডিসেম্বর পরীক্ষা নেওয়ার কথা থাকলেও, সার্বিক দিক বিবেচনা করে নতুন এই তারিখ চূড়ান্ত করা হয়েছে। দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগামী দু-একদিনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে।
এদিকে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের জন্য আগামী ১ ডিসেম্বর থেকে পুনঃপরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এই বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। পরীক্ষা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে একক কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।
গত ৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেখা গেছে, এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার সংখ্যা গতবারের চেয়ে উল্লেখযোগ্য হারে কমেছে। এবার মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা উত্তীর্ণের মোট সংখ্যার ৬.২ শতাংশ। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৬৯ হাজার ৯৭ জন। সেই হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন এবং পাসের হার কমেছে ৬.৭১ শতাংশ পয়েন্ট।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আসন পুনর্বিন্যাসের কারণে এবার সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই আসন সংখ্যা কমেছে। দেশের ৩৭টি সরকারি মেডিকেলে আসন সংখ্যা কমিয়ে ৫,১০০টি করা হয়েছে, যা আগে ছিল ৫,৩৮০টি। অন্যদিকে, ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে ১০টিতে আসন কমানো এবং ২টিতে বাড়ানো হয়েছে। ফলে বেসরকারি মেডিকেলে মোট ২৯২টি আসন কমে বর্তমান আসন সংখ্যা দাঁড়িয়েছে ৬,০০১টি।
এনএনবাংলা/ইএস
