ময়মনসিংহে শহীদ সাগরের স্মৃতিস্তম্ভে আ’গুন, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে অনশনে ছাত্রনেতারা

ময়মনসিংহে জুলাই অভ্যুত্থানের শহীদ রেদোয়ান হোসেন সাগরের স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে একদল দুর্বৃত্ত এই হামলা চালায়। এই নাশকতার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে নগরের সারদা ঘোষ রোড এলাকায় স্মৃতিস্তম্ভের সামনে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার নেতারা।
অনশনরত ছাত্রনেতারা এই ঘটনাকে কেবল একটি স্থাপনায় আগুন দেওয়া নয়, বরং অভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হিসেবে দেখছেন। প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলার সাবেক সদস্যসচিব আলী হোসেন বলেন, শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে এই নতুন বাংলাদেশ গঠিত হয়েছে। এমন একটি সংবেদনশীল স্থানে হামলা প্রমাণ করে যে, আন্দোলনকারীদের জীবনের নিরাপত্তা কতটা ঝুঁকির মুখে। জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত তাদের এই অনশন চলবে।
আন্দোলনের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মঞ্জু এবং সদস্যসচিব খলিলুর রহমান অভিযোগ করেন, ডিসেম্বর মাসকে সামনে রেখে পতিত স্বৈরাচার ও তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য পরিকল্পিতভাবে এসব অরাজকতা ও নাশকতামূলক কর্মকাণ্ড ছড়াচ্ছে। ছাত্রনেতারা বর্তমান সরকারের প্রশাসনিক কাঠামো সংস্কারে ধীরগতিকে এই ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে বলেন, বিগত সরকারের আমলারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যথাযথ সহযোগিতা করছেন না। তারা দ্রুত প্রশাসন সংস্কার ও আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল-মামুন জানান, সাগর চত্বরে অগ্নিসংযোগের বিষয়টি পুলিশ অবগত রয়েছে। ঘটনার নেপথ্যে কারা জড়িত তা শনাক্ত করতে এবং অপরাধীদের খুঁজে বের করতে পুলিশ ইতিমধ্যেই কাজ শুরু করেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নগরের মিন্টু কলেজ এলাকায় সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান রেদোয়ান হোসেন সাগর। পরবর্তীতে আন্দোলনকারীরা তাঁর স্মৃতি রক্ষার্থে ঘটনাস্থলটিকে ‘সাগর চত্বর’ হিসেবে ঘোষণা করেন।
এনএনবাংলা/ইএস
