সাম্প্রতিক
Skip to content

চীনে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ১৪

চীনের উত্তরাঞ্চলের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছে। সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। এর আগে রোববার রাতে প্রকাশিত খবরে নিহতের সংখ্যা কম ছিল।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

চীনে ভবন নির্মাণের ক্ষেত্রে নিরাপত্তাবিধি যথাযথভাবে অনুসরণ না করা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে অবহেলার কারণে প্রায়ই প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, রোববার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে দেশটির শানসি প্রদেশের তাইইউয়ান শহরের একটি আবাসিক ভবনে আগুন লাগে।

সিনহুয়ার রোববার রাতের প্রতিবেদনে বলা হয়, ‘মোট ৩৮ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে পাঁচজন মারা গেছেন।’ তবে সোমবার সকালে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়ায়।

প্রতিবেদনে আরও বলা হয়, রোববারই আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং তল্লাশি ও উদ্ধার অভিযান শেষ করা হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

এর আগে গত বছরের নভেম্বরে হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক বহুতল ভবনে আগুন ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় ১৬৮ জন নিহত হয়। এরপর চীনে উঁচু ভবনগুলোতে অগ্নিঝুঁকি কমাতে বিশেষ অভিযান শুরু করে কর্তৃপক্ষ।

এর এক মাস পর দেশটির দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের একটি আবাসিক ভবনে আগুন লেগে ১২ জন নিহত হয়।

এ ছাড়া গত জুলাইয়ে চীনের পূর্বাঞ্চলে একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়।

এনএনবাংলা/এফএস