সাম্প্রতিক
Skip to content

অবশেষে ছেলের মুখ দেখালেন ক্যাটরিনা-ভিকি

ছবিঃ সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পুত্রসন্তান ভিহানের মুখ প্রকাশ্যে আনলেন বলিউড তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। সন্তান জন্মের পর থেকেই তাকে জনসমক্ষ ও ক্যামেরার আড়ালে রেখেছিলেন এই যুগল। তবে গতকাল রোববার (৮ নভেম্বর) দীপাবলি উৎসবের বিশেষ মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে সপরিবারে ছবি শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন তাঁরা।

নিজেদের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যৌথভাবে ছবিগুলো প্রকাশ করেন ক্যাটরিনা ও ভিকি। ছবির ক্যাপশনে এই তারকা দম্পতি লেখেন, ‘আমাদের সবচেয়ে উজ্জ্বল দীপাবলি। সবাইকে ভালোবাসা, আলো ও আনন্দের শুভেচ্ছা।’ বার্তার শেষে নিজেদের নামের পাশাপাশি তাঁরা ছেলে ভিহানের নামও উল্লেখ করেন।

প্রকাশিত ছবিগুলোতে উৎসবের আমেজে সাবেকি পোশাকে দেখা গেছে এই পরিবারকে। ক্যাটরিনার পরনে ছিল হলুদ রঙের ঐতিহ্যবাহী পোশাক এবং ভিকি বেছে নিয়েছিলেন ক্রিম রঙের শেরওয়ানি। তাঁদের মাঝখানে দাঁড়িয়ে থাকা ছোট্ট ভিহানকে একটি ছবিতে হাসিমুখে ক্যামেরার দিকে হাত নাড়তেও দেখা যায়।

২০২১ সালে রাজস্থানে একটি ঘরোয়া ও রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। দীর্ঘ প্রেমের সম্পর্কের পর বিয়ে করলেও নিজেদের ব্যক্তিগত জীবনকে বরাবরই প্রচারের আড়ালে রেখেছেন তাঁরা। পরবর্তীতে ২০২৫ সালে তাঁদের পরিবারে জন্ম নেয় প্রথম সন্তান ভিহান। এক বছর ধরে ছেলের ছবি প্রকাশ না করায় ভক্তদের মাঝে তীব্র কৌতূহল ছিল। ফলে দীপাবলির এই বিশেষ উপহার সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

এনএনবাংলা/ইএস